বিএনপি নেতা-কর্মীরা ভারাক্রান্ত মন নিয়ে ঈদ উদযাপন করছেন: ফখরুল
-
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী থাকায় দলের নেতা-কর্মীরা ভারাক্রান্ত মন নিয়ে ঈদ উদযাপন করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাঁরা চেয়ারপারসনের মুক্তির জন্য দোয়া করেছেন।
আজ (বুধবার) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য এই মামলার রায়ে প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রীর বক্তব্য মূলত মামলার রায়কে প্রভাবিত করারই শামিল। প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পর বিচারকেরা সঠিক রায় দিতে পারবেন না। এভাবে তথাকথিত বিচারের নামে খালেদা জিয়া ও তারেক রহমানকে আবারও সাজা দেওয়ার চেষ্টা চলছে।
গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত, এতে কোনো সন্দেহ নেই।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির একমাত্র কর্মসূচি ছিল জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। এ উপলক্ষে বেলা ১১টার দিকে দলীয় নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে এসে জড়ো হন। পরে মির্জা ফখরুলের নেতৃত্বে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া মাহফিলে অংশ নেন।
ওদিকে, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি নিয়েও দলটির জ্যেষ্ঠ নেতারা পুরোনো ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারের ফটকের সামনে যেতে পারেননি।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর দুপুর ১২টার দিকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফটকের দিকে যান। এ সময় পুলিশ নাজিমউদ্দিন রোডে তাঁদের আটকে দেয়।
দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তার কাছে মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি দেখান। কিন্তু পুলিশ কর্মকর্তারা জানান, তাঁদের কাছে কারও সাক্ষাতের বিষয় জানা নেই। পরে পুলিশের তারকাঁটার ব্যারিকেডের পেছনে আধা ঘণ্টার মতো অবস্থান শেষে বিএনপির নেতারা স্থান ত্যাগ করেন। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফখরুল পুলিশের এমন আচরণের নিন্দা জানান।
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন