১০০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন সামনে রেখে হঠাৎ করে ইসি একশ’ আসনে ইভিএম ব্যবহারের যে উদ্যোগ নিয়েছে সেটি দূরভিসন্ধিমূলক। এর মধ্য দিয়ে একশ’ আসনে আগে থেকেই জয় নিশ্চিত করতে চাইছে ক্ষমতাসীন দল। ইভিএম ব্যবহারের যে খরচ হবে সেটি নির্বাচন কমিশন ও এর কর্মকর্তাদের ব্যাক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।
আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘২০১২ সালে যখন ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের কথা ওঠেছিল আমরা বিরোধীতা করেছিলাম। বর্তমান ইসি দায়িত্ব নেয়ার পর বলেছিলেন ইভিএম ব্যবহার করা হবে না। কিন্তু হঠাৎ করে কী এমন ঘটল, কী কারণে, কার নির্দেশে চার হাজার কোটি টাকা ব্যয়ে ১ লাখ ইভিএম মেশিন গোপনে কেনার জন্য ওঠে পড়ে লেগেছেন। আমরা ইসিকে দৃঢ়ভাবে বলতে চাই এ ডিজিটাল কারচুপির পথ থেকে সরে আসুন। অন্যথায় ষড়যন্ত্রকারীদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে এ অপতৎপরতার জন্য মূল্য দিতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, বিশ্বের প্রায় ৯০ ভাগ দেশে ইভিএম পদ্ধতি চালু নেই। বিশেষজ্ঞদের মতে ইভিএম পদ্ধতিতে ভোট জালিয়াতি সম্ভব। হ্যাকিংয়ের মাধ্যমে যেকোনও সময় ফলাফল পাল্টে দেয়া যায়। ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভোটের অধিকার হরণ করতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
এ সময় তিনি ইভিএম দিয়ে ভোটের ফলাফল পাল্টে দেয়া এবং এক টিপে ৫টি ভোট দেওয়া সম্ভব বলেও দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, ‘দলবাজ ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা হেলালুদ্দীনকে ইসির সচিব পদে বসানো হয়েছে। এ সচিবই গণমাধ্যমে বলেছে আরপিও সংশোধন করা হবে না। তাহলে কেন আরপিও সংশোধন করে ইভিএম ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে? কারা এর নেপথ্যে কলকাঠি নাড়ছে? সরকার জনগণের ওপর আস্থা হারিয়ে এখন যন্ত্রের ওপর নির্ভর করছে।’
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ইভিএম ব্যবহারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে না।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইভিএমের বিরোধিতা করে সভা ছাড়লেন নির্বাচন কমিশনার
অন্যদিকে, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের বিরোধিতা করে 'নোট অব ডিসেন্ট' (আপত্তিপত্র) দিয়ে নির্বাচন কমিশনের সভা বর্জন করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
বৃহস্পতিবার বেলা ১১টায় ইসি সচিবালয়ের সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদার সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিও সংশোধন নিয়ে বৈঠকে বসেন নির্বাচন কমিশন।
সভা শুরুর ১০ মিনিট পর বের হয়ে ইভিএমের বিপক্ষে মত দিয়ে চিঠিপত্র শাখায় ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেন মাহবুব তালুকদার।
সাংবাদিকরা এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি বিকেল তিনটার গণমাধ্যমে কথা বলবেন বলে জানান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন