পরাজিত হচ্ছে জেনে সরকার পালানোর পথ খুঁজছে: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i64140-পরাজিত_হচ্ছে_জেনে_সরকার_পালানোর_পথ_খুঁজছে_মির্জা_ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরাজিত হচ্ছে জেনে এখন কীভাবে পালাবে, সে পথ খুঁজছে। আজ (শনিবার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা দলের মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ১৩:১০ Asia/Dhaka
  • পরাজিত হচ্ছে জেনে সরকার পালানোর পথ খুঁজছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরাজিত হচ্ছে জেনে এখন কীভাবে পালাবে, সে পথ খুঁজছে। আজ (শনিবার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা দলের মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মরিয়া হয়ে শেষ চেষ্টা করছে কীভাবে বিএনপিকে দমন করা যায়। তিনি আরও বলেন, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশের জনগণের ওপর নির্যাতন করছে। নিজেদের ক্ষমতা ধরে রাখার শেষ চেষ্টা করছে। তাই আজ যে সংকট তৈরি হয়েছে, তা থেকে মুক্তি পেতে জনগণের ঐক্য গড়ে তুলতে হবে।

ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বলেছেন সব রাজনৈতিক দল, সংগঠনকে নিয়ে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে। বৃহত্তর ঐক্য গড়ার কাজ চলছে। খুব শিগগির সেটি সফল হবে।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দল ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। এ দেশের জনগণ কখনো কোনো অন্যায়ের কাছে মাথানত করেনি।

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তি বাদ দিয়ে কোনো আলোচনা নয়। সবাই তাঁর মুক্তির জন্য আন্দোলন করছেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ আগে আজ সকালে কারাবন্দী বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ  মিছিল সংগঠিত করা হয়।

সকাল পৌনে আটটায় শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন