খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের
দুর্নীতির দু’টি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মতি সাপেক্ষে তাকে পুনরায় মেডিক্যাল বোর্ডের অধীনে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল চিকিৎসারত অবস্থায় তাকে কারাগারে ফেরত পাঠানোর বৈধতা নিয়ে দায়ের করা রিটের ব্যাপরে শুনানি শেষে আজ বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
এর আগে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে গত ১১ নভেম্বর আইনজীবী নওশাদ জমির এ রিট দায়ের করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, কারা কর্তৃপক্ষ, বিএসএমএমইউ কর্তৃপক্ষসহ নয় জনকে রিটে বিবাদী করা হয়। সেই রিটের শুনানি নিয়ে গত ১৮ নভেম্বর আদেশের জন্য দিন নির্ধারণ করেন হাইকোর্ট। কিন্তু খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী কিছু সম্পূরক নথির ওপর শুনানি করায় আজ এই আদেশ দেয় হাইকোর্ট।
বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে এর আগে খালেদা জিয়ার করা রিট আবেদনটি গত ৪ অক্টোবর নিষ্পত্তি করে কিছু নির্দেশনা ও পর্যবেক্ষণসহ আদেশ দেয় হাইকোর্ট।
হাইকোর্টের আদেশের পর চিকিৎসার জন্য ৬ অক্টোবর তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
প্রায় একমাস চিকিৎসার পর গত ৭ নভেম্বর বিএসএমএমইউ থেকে তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে ফিরিয়ে নেয়া হয়। তিনি বর্তমানে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন