‘তারেক রহমানের অনলাইন সাক্ষাৎকার নিয়ে ইসির কিছুই করার নেই’
https://parstoday.ir/bn/news/bangladesh-i65948-তারেক_রহমানের_অনলাইন_সাক্ষাৎকার_নিয়ে_ইসির_কিছুই_করার_নেই’
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আচরণবিধি লংঘন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৯, ২০১৮ ১৫:০৯ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
    বক্তব্য রাখছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আচরণবিধি লংঘন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ (সোমবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভা শেষে তিনি একথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

গতকাল (রোববার) বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যরা এ সাক্ষাৎকার নিচ্ছেন। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে এই সাক্ষাৎকার প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তবে তারেক দণ্ডিত ও পলাতক আসামি হওয়ায় ভোট প্রক্রিয়ায় তার যুক্ত হওয়া নিয়ে ইসিতে রোববারই নালিশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিএনপির মনোনয়ন বোর্ডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন তারেক রহমান

এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ গতকাল তারেক রহমানকে নিয়ে যে অভিযোগ কমিশনে দিয়ে গেছে সেটা নিয়ে ইসি সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। যেহেতু অনলাইনে উনি (তারেক রহমান) মনোনয়ন সাক্ষাৎকার গ্রহণ করেছেন, উনি দেশে যেহেতু নাই, সেহেতু আচরণ বিধিমালা ওনার জন্য প্রযোজ্য হবে বলে প্রতীয়মান হচ্ছে না। কিন্তু যেহেতু মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনা আছে, সে নির্দেশনা প্রতিপালন করা সকলের জন্য বাধ্যতামূলক।’

ইসির সচিব আরো বলেন, ‘এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কোনো করণীয় নেই।’

গ্রেপ্তার হওয়া বিএনপির নেতাকর্মীদের তালিকা সম্পর্কে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সেই তালিকা পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে মূলত তফসিল ঘোষণার আগেই কিছু কিছু মামলা হয়েছে। কিছু কিছু নেতাকর্মীর নাম রয়েছে। নির্বাচন কমিশন মনে করে পূর্ববর্তী ঘটনার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে না।’

ইসি সচিব বলেন, ‘৮ তারিখের পরে গ্রেপ্তারের যে তালিকা দেওয়া হয়েছে সেখানে সুনির্দিষ্ট কার কী বিষয় রয়েছে সেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে মনে হয়েছে সেই ঘটনাগুলোরও পূর্ণাঙ্গ বর্ণনা না করায় এ বিষয়ে কমিশন কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে পরে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।’#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯