গণতন্ত্রের নাম নিয়ে সরকার স্বৈরাচারী আচরণ করছে: মঈন খান
https://parstoday.ir/bn/news/bangladesh-i68130-গণতন্ত্রের_নাম_নিয়ে_সরকার_স্বৈরাচারী_আচরণ_করছে_মঈন_খান
বাংলাদেশে গণতন্ত্রের নাম নিয়ে সরকার স্বৈরাচারী আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, একটি স্বৈরাচারী সরকার থেকেও গণতন্ত্রের ভানধারী সরকার বেশি ক্ষতিকর। বর্তমান সরকার কেবল মুখে গণতন্ত্রের কথা বলছে। মুখে গণতন্ত্রের লেবাস পড়ে স্বৈরাচারী আচরণ করছে। এ বিষয়ে দেশের মানুষকে সতর্ক হতে হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১২:৪৬ Asia/Dhaka
  • ড. আব্দুল মঈন খান
    ড. আব্দুল মঈন খান

বাংলাদেশে গণতন্ত্রের নাম নিয়ে সরকার স্বৈরাচারী আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, একটি স্বৈরাচারী সরকার থেকেও গণতন্ত্রের ভানধারী সরকার বেশি ক্ষতিকর। বর্তমান সরকার কেবল মুখে গণতন্ত্রের কথা বলছে। মুখে গণতন্ত্রের লেবাস পড়ে স্বৈরাচারী আচরণ করছে। এ বিষয়ে দেশের মানুষকে সতর্ক হতে হবে।

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন মঈন খান। জাতীয়তাবাদী মহিলা দল এ কর্মসূচি আয়োজন করে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। তারা অলিখিত বাকশাল চিরস্থায়ী করতে চায়। আগামীদিনে আমরা খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেবো।

মঈন খান বলেন, আজকে যারা বাংলাদেশ পরিচালনা করছেন, তারা নিজেদের চেতনার দাবিদার বলেন। তারা কীভাবে নিজেদের এই দাবিদার মনে করেন। মানুষের ভোটাধিকার খর্ব করে, সন্ত্রাসের নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় এসেছে। এটা শুধু আমরা নয়, দুদিন আগে যুক্তরাষ্ট্রের দু জন কংগ্রেস সদস্য তাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না।

ডা. জাফরুল্লাহ চৌধুরী

ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর হয়েছে: জাফরুল্লাহ

এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। আর গণতন্ত্রের কবর হলে তার পরিণতি যে কী হয়, দুইমাসের মধ্যে তার চিত্র ফুটে উঠেছে। বিজিবি ঠাকুরগাঁওয়ে মানুষ হত্যা করেছে। কিন্তু এ ব্যাপারে কারও কোনও উদ্যোগ নিতে দেখছি না।

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন'- আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম ছাড়া উপায় নেই উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ মানুষ সম্মেলন করার অনুমতি পাচ্ছে না। তাই সব রাজনৈতিক দল একত্রিত হয়ে রাস্তায় না নামলে গণতন্ত্র মুক্তি পাবে না। তাই সব দলের প্রতি আহ্বান, ছোটখাট ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে একসঙ্গে রাস্তায় নামুন।#

পার্সটুডে/শামসমণ্ডল/আশরাফুর রহমান/১৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন