খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় শুনানি আগামী ১৮ মার্চ
https://parstoday.ir/bn/news/bangladesh-i68429-খালেদা_জিয়ার_বিরুদ্ধে_গ্যাটকো_দুর্নীতি_মামলায়_শুনানি_আগামী_১৮_মার্চ
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছে আদালত। আজ (বুধবার) পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেন সময় আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ধার্য করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ১৩:২২ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছে আদালত। আজ (বুধবার) পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেন সময় আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ধার্য করেছেন।

এর আগে বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে আদালতে হাজির হন খালেদা জিয়া। এরপর ১টা ৫ মিনিট পর্যন্ত আদালতের কার্যক্রম চলে।

এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের কাছে সময় আবেদন করেন। আইনজীবীরা বলেন, আগের শুনানিতে মামলার আলামতসহ প্রয়োজনীয় কাগজপত্র আমাদের দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমরা এখনো সে সব নথি হাতে পাইনি। তাই আমরা শুনানি করতে পারছি না। আমাদের সময় দেওয়া হোক।

এর আগে ৭ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশারফ হোসেন কাজল।

শুনানিতে তিনি বলেন, খালেদা জিয়াসহ মামলার সব আসামি পরস্পর যোগসাজশে গ্যাটকোকে অবৈভাবে কাজ পাইয়ে দেওয়ার জন্য অর্থ আত্মসাৎ করেছেন। এতে রাষ্ট্রের এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এটি প্রমাণ করার জন্য আমাদের কাছে যথেষ্ট আলামত ও সাক্ষ্যপ্রমাণ রয়েছে। এর ভিত্তিতে আমরা আশা করছি, আসামিদের শাস্তির আওতায় আনতে পারব। তাই খালেদাসহ সব আসামির বিরুদ্ধে দুদকের ৫-এর ২ ধারা ও দণ্ডবিধি ৪০৯/১০৯ ধারায় তাদের অভিযোগ গঠনের আবেদন করছি।

ওই দিন রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠন শুনানি শেষে আসামিপক্ষের অভিযোগ গঠনের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিল আদালত।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেওয়া হয়েছে।এর মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়।

কুমিল্লার মামলায় জামিন আবেদন

ওদিকে,  কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল আজ এই আবেদন দায়ের করেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লার একটি আদালত এই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর পর বুধবার হাইকোর্টে খালেদার পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, জামিন আবেদনটির ওপর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চে শুনানি করা হবে।

জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন