বিএনপি’র অবস্থা এখন 'নাচতে না জানলে উঠান বাঁকা’র মতো : তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i68736-বিএনপি’র_অবস্থা_এখন_'নাচতে_না_জানলে_উঠান_বাঁকা’র_মতো_তথ্যমন্ত্রী
বিএনপি’র অবস্থা এখন 'নাচতে না জানলে উঠান বাঁকা’র মতো, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, জাতীয় সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। সেখানে বিএনপির প্রস্তাবনা থেকে একজন কমিশনার আছেন। অথচ আওয়ামী লীগের প্রস্তাবনা থেকে কেউ স্থান পাননি। আসলে নাচতে না জানলে উঠান বাঁকা। এই হচ্ছে বিএনপির অবস্থা। জাতীয় নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে আর তারা ইসিকে নিয়ে প্রশ্ন তুলছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১০, ২০১৯ ১৩:৩০ Asia/Dhaka
  • তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিএনপি’র অবস্থা এখন 'নাচতে না জানলে উঠান বাঁকা’র মতো, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, জাতীয় সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। সেখানে বিএনপির প্রস্তাবনা থেকে একজন কমিশনার আছেন। অথচ আওয়ামী লীগের প্রস্তাবনা থেকে কেউ স্থান পাননি। আসলে নাচতে না জানলে উঠান বাঁকা। এই হচ্ছে বিএনপির অবস্থা। জাতীয় নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে আর তারা ইসিকে নিয়ে প্রশ্ন তুলছে।

আজ (রোববার) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। জনগণকে বিভ্রান্ত না করার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার নীতি থেকে থেকে সরে আসুন। আমরা চাই একটি শক্তিশালী দল হিসেবে বিএনপি থাকুক এবং আমাদের গঠনমূলক সমালোচনা করুন। আপনারা পার্লামেন্টে আসুন। এখন যেমন রাজপথে সমালোচনা করছেন, তার পরিবর্তে পার্লামেন্টে এসে সমালোচনা করুন।

খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা অনেক পুরনো। এই ব্যথা নিয়েই তিনি দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করছেন এবং বিএনপিরর চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। এটি নতুন অসুখ না, এরপরও ওনাকে পরিপূর্ণ সুস্থ করার জন্য সরকার অত্যন্ত আন্তরিক।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসা বিশ্বমানের। আমাদের দলের সাধারণ সম্পাদক যখন অসুস্থ হন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তখন তাকে কোনো প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। তাকে বঙ্গবন্ধু মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। কারণ এখানকার চিকিৎসা বিশ্বমানের। এদিকে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা ক্রমে উন্নতি হচ্ছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন। আগামীকাল (সোমবার) তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।

আজ (রোববার) সকালে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. আবু নাসার রিজভী এসব তথ্য জানান।

এর আগে, কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি জনাব কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।#

পার্সটুডে/ শামস মন্ডল/বাবুল আখতার/১০