গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিক কোনও কারণ নেই: রিজভী
-
রুহুল কবির রিজভী
গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিক কোনও কারণ নেই বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, সাধারণ মানুষের পেটে ছুরি মারতে আবারও গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে সরকার। লুটপাটের জন্য বেআইনিভাবে শত ভাগ বৃদ্ধির প্রস্তাবনা দেয়া হচ্ছে যা বেআইনি ও মনুষ্যত্বহীন পদক্ষেপ।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এ সময়, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুক হামলার ঘটনায় নিন্দা ও শোক জানান তিনি।
গ্যাসের দাম বাড়লে শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে দাবি করে রিজভী বলেন, মানুষের কর্মসংস্থান এতে বাধাগ্রস্ত হবে। এমনিতেই বেকারত্বের মাত্রা বাড়ছে। এখন ঘরে ঘরে বেকারের কারখানা তৈরি হবে। পরিবহন ভাড়া বাড়াবে। সব মিলিয়ে জীবনযাত্রার ব্যয় বাড়বে।
গত ১০ বছরে গ্যাসের দাম ৬ বার বাড়ানো হয়েছে বলে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ভারতে এলএনজি আমদানিতে প্রতি ঘনমিটারে ৬ ডলার খরচ পড়লেও বাংলাদেশে তা ১০ ডলার খরচ পড়ছে। এটা কেন? বাড়তি টাকা যাচ্ছে রাঘব বোয়ালদের পকেটে। মূল্য বৃদ্ধিতে বেশুমার দুর্নীতির মাধ্যমে ক্ষমতাসীনদের অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হবে।
এ সময়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবি করে রিজভী বলেন, ৭৪ বছর বয়সী এই নেত্রীকে চিকিৎসা না দিয়ে অন্ধকার প্রকোষ্ঠে রেখে নারকীয় শাস্তি দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিহিংসা আর জেদের কারণে উপযুক্ত চিকিৎসার অভাবে সংকটাপন্ন হয়ে পড়েছে তার জীবন। তাই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে ও গ্যাসের মূল্য বৃদ্ধির থেকে দূরে সরে আসতে সরকারকে। অন্যথায় দাবি আদায়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সরকার প্রধানের উদ্দেশে তিনি বলেন, ইতিহাস বড়ই নির্মম। বন্দুকের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, রাতের আঁধারে ব্যালট পেপারে সিল মেরে, ক্ষমতা কুক্ষিগত করে, সংবিধানকে নিজের ইচ্ছামতো সংশোধন করে অপরিসীম ক্ষমতাধর হয়ে উঠে বেগম খালেদা জিয়ার ওপর নিষ্ঠুর নির্যাতন করছেন। এর হিসাব একদিন জনগণের কাছে আপনাকে দিতে হবে।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৪
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন