গ্যাসের দাম বাড়ানো হলে প্রতিবাদ জানাবে বিএনপি: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i68921-গ্যাসের_দাম_বাড়ানো_হলে_প্রতিবাদ_জানাবে_বিএনপি_মির্জা_ফখরুল
বাংলাদেশে অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হলে তা মেনে নেবে না বিএনপি। এর বিরুদ্ধে সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানানো হবে, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১৭, ২০১৯ ১৩:৫৩ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হলে তা মেনে নেবে না বিএনপি। এর বিরুদ্ধে সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানানো হবে, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (রোববার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এরআগে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথসভা করেন বিএনপি মহাসচিব।

এ সময়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। তিনি জানান, মহান স্বাধীনতা দিবসকে যথাযথ মর্যাদায় পালন করতে সাত দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি। এরমধ্যে তিনদিন বিএনপি আর চারদিন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এসব কর্মসূচি পালন করবে। অনুমতি পেলে ২৫ মার্চ বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অথবা মহানগর নাট্য মঞ্চে আলোচনা সভা এবং জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৬ মার্চ সকালে সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ওইদিন সকাল ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ ফাতেহা পাঠ করা হবে।

২৭ মার্চ বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রশাসনের অনুমতি সাপেক্ষে র‌্যালির সময় নির্ধারণ করা হবে। এর বাইরে বাকি চার দিনের কর্মসূচিগুলো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যরা নিজেদের সুবিধা মতো পালন করবে।

এ সময়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন দেশের মানবাধিকার পরিস্থিতির সঠিক তথ্যই উঠে এসেছে। আর বাংলাদেশের নির্বাচনে যে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি, তাও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আজকে দেশে প্রায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র নেই। এ রকম একটি অবস্থায় আমরা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি।

এদিকে, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় আরও ১৮ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির বহিষ্কৃত এসব নেতা দেশের বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সদ্য শেষ হওয়া কয়েকটি উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে অংশ নেয়ায় শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন