গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে কারামুক্ত করতে প্রস্তুতি চলছে: বিএনপি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উপর চেপে বসা জগদ্দল পাথর সরাতে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি সেখানে জনগণেরই বিজয় হবে।
দেশ একটি কঠিন সময় পার করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কোনো দুঃসময় পার করছি না। আমরা যদি আল মাহমুদকে স্মরণ করে আমৃত্য লড়াই আর সংগ্রাম করতে পারি তাহলে বিজয় আমাদের নিশ্চিত।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কবি আল মাহমুদ স্মরণে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এসময় বিএনপি’র মহাসচিব বলেন, আওয়ামী লীগ একুশের চেতনা বিশ্বাস করে না। তারা স্বাধীনতার চেতনায়ও বিশ্বাস করে না। সমগ্র বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করেছে। শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিকদের তারা কারাগারে পাঠাচ্ছে। এতটুকু সমালোচনাও সহ্য করছে না আওয়ামী লীগ। তারা আজ ভিন্ন মত সহ্য করতে পারে না অথচ তারা মুখে গণতন্ত্রের কথা বলে। তারা তো উত্তর কোরিয়ার মতো বলে দিলেই পারে যে, আমরা একদলীয় শাসন কায়েম করতে চাই।
এদিকে, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২৩ মার্চ) বেলা ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার সুচিকৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা জেলাধীন দোহার ও নবাবগঞ্জ থানা বিএনপির অনশন কর্মসূচি পালন করেন। সেখানে উদ্বোধনী বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, দুনিয়া থেকে সরিয়ে দিতেই খালেদা জিয়াকে কারান্তরালে রেখে চালানো হচ্ছে নানাবিধ মানসিক ও শারীরিক নির্যাতন। গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রিজভী বলেন, দেশকে নিজের জমিদারিতে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের মানুষ রাষ্ট্রশক্তির দানবীয় আক্রমণের ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছে।
তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাবমূর্তিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এখন দুঃশাসনের মাত্রা আরও বৃদ্ধি করেছেন। তিনি বলেন, গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্মূল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশব্যাপী বিরোধী দল ও মত নির্মূলের খেলা শুরু করেছেন।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন