গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী অপশাসন চালু করা হয়েছে: মির্জা ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বহুদলীয় গণতন্ত্র বিনষ্ট করে গণতন্ত্রের নামে দেশে বর্তমানে কর্তৃত্ববাদী অপশাসন চালু করা হয়েছে।’
আজ (সোমবার) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বর্তমান সরকারের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘বিশাল রক্ত স্রোত আর ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে মহিমান্বিত আমাদের স্বাধীনতা। কথা ছিল একটি পতাকা পেলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। কিন্তু দেশের মানুষ সেই সুখ, শান্তি পায়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আজও দেশি-বিদেশি চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন সেটিও আজকে বিনষ্ট করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী অপশাসন চালু করা হয়েছে।’
৩০ ডিসেম্বরের মধ্যরাতের নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে নির্বাসিত করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে। নাৎসিবাদের চরম উত্থানে দেশবাসী ভয় ও আতঙ্কে দিনাতিপাত করছে।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘কেউ যাতে মানুষের মৌলিক মানবিক অধিকার নিয়ে কথা না বলে, নাগরিক স্বাধীনতার জন্য আওয়াজ না তোলে সেজন্যই বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। গণতন্ত্রের মা বেগম জিয়াকে বন্দি করার অর্থ গণতন্ত্রকেই বন্দি করে রাখা। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বিপুল জনসমর্থিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও অপহৃত গণতন্ত্র পুনরুদ্ধার করতে সাহসী সংগ্রামে অবতীর্ণ হতে হবে।’
ধর্মের ভিত্তিতে ঐক্যকে বিনষ্ট করা সংবিধানসম্মত নয়: ড. কামাল
ওদিকে, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন আজ রাজধানীতে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন, স্বাধীনতার অর্জনগুলো ধরে রাখতে সম্প্রীতির মূল্যবোধকে ছড়িয়ে দিতে হবে। ধর্মের ভিত্তিতে ঐক্যকে বিনষ্ট করা সংবিধানসম্মত নয়।
সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় আহত ও নিহতদের প্রতি শোক ও সংহতি জানাতে আজ (সোমবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ড. কামাল হোসেন এমন মন্তব্য করেন।
তিনি বলেন, রাজনৈতিক গোষ্ঠী তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য ধর্মকে অপব্যবহার করছে। বর্তমানে ধর্মকে অপব্যবহার করে মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’
ড. কামাল আরও বলেন, ‘সংবিধানেও আছে ধর্মকে অপব্যবহার করা যাবে না। আমরা স্বাধীন দেশের নাগরিক-এই নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সব ধর্মের সঙ্গে সম্প্রীতি গড়ে তোলা। আমি জোর দিয়ে বলতে চাই মানুষের সকল অধিকারকে রক্ষা করতে হবে।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ আশরাফুর রহমান/২৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন