খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা করা হচ্ছে: ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেগম জিয়া কারাগারে এখন এতটাই অসুস্থ যে তিনি তাঁর কক্ষেও হাঁটতে পারছেন না, অন্যের সাহায্য নিতে হচ্ছে। তিনি মাথা সোজা করতে পারছেন না, পা বাঁকা করতে পারছেন না। তারপরও এই জনপ্রিয় নেত্রীকে কোনো রকমের সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। তাঁকে সুপরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।
খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য হাইকোর্টের নির্দেশও মানা হচ্ছে না বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গত সাড়ে তিন মাসে খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি। তাঁর সুচিকিৎসার জন্য হাইকোর্টের নির্দেশও মানা হচ্ছে না। অবিলম্বে খালেদা জিয়াকে তাঁর পছন্দ মতো হাসপাতালে চিকিৎসার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় তাঁর কিছু হলে সমস্ত দায়ভার সরকারকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, আবদুল কুদ্দুস, সিরাজুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬