আবারও বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন সফল হবে না: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i69212-আবারও_বাকশাল_প্রতিষ্ঠার_স্বপ্ন_সফল_হবে_না_মির্জা_ফখরুল
বাংলাদেশে আবারও বাকশাল কায়েমের স্বপ্ন সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৯, ২০১৯ ১০:৫২ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে আবারও বাকশাল কায়েমের স্বপ্ন সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার রাষ্ট্রের সমস্ত স্তম্ভকে ভেঙে ফেলে রাজত্ব করছে। মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। দেশকে ধ্বংস করতে তারা আবার একদলীয় বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। ১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত তারা যখন ব্যর্থ হয়েছিল, তখন বাকশাল কায়েম করে। এখনও তারা ব্যর্থতা ঢাকার জন্য বাকশাল করার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের এ স্বপ্ন পূরণ হবে না। ৭৫ সাল আর ২০১৯ সাল এক নয়। এক দলীয় বাকশাল এ দেশের মানুষ মেনে নেবে না।

প্রশাসন দেশ চালাচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, এখন তো রাজনৈতিক দলের এই রাষ্ট্র পরিচালনা করার কথা ছিল, আওয়ামী লীগের এই রাষ্ট্র পরিচালনার কথা, কিন্তু আওয়ামী লীগ কি রাষ্ট্র পরিচালনা করছে? করছে না। এখন প্রশাসনকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে।

প্রভুদের খুশি করে আওয়ামী লীগ সরকার টিকে আছে, এমন মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়াকে বেআইনিভাবে জেলে আটকে রাখা হয়েছে। যে অভিযোগে তাকে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে, সেটা তারা কোনভাবেই পারে না। তার সুচিকিৎসা দেয়া হচ্ছে না।

আন্দোলনে নামার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বহুবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি। খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে তরুণদের আন্দোলনে নামতে হবে। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে আন্দোলনের মাধ্যমে। আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং খালেদা জিয়াকে মুক্ত করে বিজয়ী হতে হবে।

সরকার মানুষের ওপর নির্যাতন ও পকেট খালি করছে অভিযোগ করে তিনি বলেন, মেগাপ্রজেক্টের টাকা কোথা থেকে আসছে? এই টাকা আসছে জনগণের পকেট থেকে। বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টগুলো সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছে। এমনকি দুর্নীতির সুযোগ সৃষ্টির জন্য তাদেরকে আইনগতভাবে ইনডেমনিটি দেয়া হয়েছে। অর্থাৎ তাদের দুর্নীতির কোনো বিচার করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক হোসেন খানের সভাপতিত্বে এ আলোচনা সভায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহম্মদ ইবরাহিমসহ অন্যরা বক্তব্য রাখেন#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২৯