কুমিল্লার হত্যা মামলা: হাইকোর্টের জামিন আপিল বহাল; মুক্তি দাবিতে বিএনপির অনশন
-
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া
কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। আজ (রোববার) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ, জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে, গত ৩১ মার্চ মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেয়া হয়। চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের আদালত ওই আদেশ দিয়েছিলেন।
এর আগে, গত ৬ মার্চ এ মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
পরে, খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বার বার বলেছি, প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়। এখানে খালেদা জিয়া প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দেবেন কিনা, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আইনজীবী হিসেবে বলতে পারি, চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেয়া যায়।
এদিকে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। আজ (রোববার) সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, গণঅনশন কর্মসূচি পালন করে দলটি।
এ কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি সংহতি জানিয়ে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ জোট নেতারা।
কর্মসূচি শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেকোনো মূল্যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। প্যারোলে মুক্তি নয়, আইনগতভাবে তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন। এ সময়, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সনকে মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।#
পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/৭