খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান নজরুল ইসলাম খানের
https://parstoday.ir/bn/news/bangladesh-i69513-খালেদা_জিয়ার_মুক্তি_আন্দোলনের_জন্য_প্রস্তুতি_নেয়ার_আহবান_নজরুল_ইসলাম_খানের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলীয় নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দেশনেত্রীকে মুক্ত করতে হবে। তিনি দারুণভাবে অসুস্থ। তাকে যদি মুক্ত আলো-বাতাসে আনা না যায়, যদি তার সঠিক চিকিৎসা করা না যায়, তবে তাকে আমরা হারাবো। তাই যারা বন্দি আছেন, তাদের মুক্ত করার জন্য যে লড়াই প্রয়োজন, আসুন সেই লড়াইয়ের প্রস্তুতি নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১২, ২০১৯ ১২:০১ Asia/Dhaka
  • খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান নজরুল ইসলাম খানের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলীয় নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দেশনেত্রীকে মুক্ত করতে হবে। তিনি দারুণভাবে অসুস্থ। তাকে যদি মুক্ত আলো-বাতাসে আনা না যায়, যদি তার সঠিক চিকিৎসা করা না যায়, তবে তাকে আমরা হারাবো। তাই যারা বন্দি আছেন, তাদের মুক্ত করার জন্য যে লড়াই প্রয়োজন, আসুন সেই লড়াইয়ের প্রস্তুতি নেই।

আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত প্রতিবাদ সভায় এসব বলেন বিএনপির এ নেতা। খালেদা জিয়া ও হাবিব উন নবী খান সোহেলসহ সব কারাবন্দি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

জনগণের আন্দোলনে বিশ্বের কোনও স্বৈরাচারি সরকারই টিকে থাকতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্যে যেকোনও আন্দোলনের প্রতি আমার আগ্রহ আছে। আপনারা মুখে যেমন বলেন, কাজে দয়া করে তেমন দেখান। দেখবেন, অনেক বড় আন্দোলন গড়ে তোলার ব্যবস্থা হবে। সেটা না করা পর্যন্ত আন্দোলন সংগ্রাম জোরদার হবে না। মুখের কথা যেদিন কাজে দেখাতে পারবেন, সেদিন এই সরকারের পতন হবে।

বাংলাদেশে গণতন্ত্র নেই দাবি করে বিএনপির এই নেতা বলেন, সরকারকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা স্বৈরাচারী বলে চিহ্নিত করেছে। আমরা যে শহরে বাস করি, সেটা দুনিয়ায় সবচেয়ে বেশি দূষিত শহর। অথচ সরকার দাবি করে উন্নয়ন হচ্ছে।

অনুষ্ঠানে, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ফেনীর নুসরাতের যে অবস্থা হয়েছে, এটা বাংলাদেশের একটি খণ্ডচিত্র মাত্র। আজ গোটা বাংলাদেশই তো নুসরাতে পরিণত হয়েছে।

সরকার প্যারোল নাটক করছে অভিযোগ করে তি‌নি বলেন, প্যারোলটা প্রসব করেছে আওয়ামী লীগ এবং এটা লালন পালন করে বড় করেছে তারাই। এক মন্ত্রী বলেন, খালেদা জিয়ার পরিবার থেকে সুপারিশ করলে প্যারোলে মুক্তি দেয়া হবে; আরেক মন্ত্রী বলেন, প্যারোলের কোনও প্রশ্নই আসে না। আইনগতভাবে মু‌ক্তি নিতে হবে। নিজেরাই পক্ষ-বিপক্ষ হয়ে একটি নাটক তৈরি করেছে।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারাগারে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ শামীম আরজুর মৃত্যু স্বাভাবিক নয়; বরং এটি একটি হত্যা। আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

গতকাল বৃহস্পতিবার কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শামীম আরজু। পরে হাসপাতালে নেয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।#

পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/১২