বেগম জিয়াকে কারাগারে আটকে রেখে সরকার বাকশাল কায়েম করতে চায়: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i69545-বেগম_জিয়াকে_কারাগারে_আটকে_রেখে_সরকার_বাকশাল_কায়েম_করতে_চায়_রিজভী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বশেমুমেবি) হাসপাতালে সুচিকিৎসা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৩, ২০১৯ ১৬:৩৮ Asia/Dhaka
  •  বেগম জিয়াকে কারাগারে আটকে রেখে সরকার বাকশাল কায়েম করতে চায়: রিজভী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বশেমুমেবি) হাসপাতালে সুচিকিৎসা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।

শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন এ হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি নেই। রুহুল কবির রিজভী বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে। যা অত্যন্ত পীড়াদায়ক। সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে বাকশাল কায়েম করতে চায়। সরকারের এরকম ঘৃণ্য চক্রান্তের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাতকে আওয়ামী লীগের লোকেরা পুড়িয়ে মেরেছে অভিযোগ করে রিজভী বলেন, হত্যাকারীদের বাঁচাতে অপচেষ্টা চালানো হচ্ছে। বিএনপির এই নেতা জানান, পুলিশের মামলার কারনে যেখানে  ফেনীতে বিএনপি নেতাকর্মীরা থাকতেই পারে না। সেখানে  তাদেরই এ মামলার আসামি করা হচ্ছে। রিজভী  বলেন, সারাদেশের মানুষের কাছে এটা  স্পষ্ট কারা নুসরাতকে পুড়িয়ে মেরেছে। তাই জনগণ কোনো মিথ্যাচারে বিশ্বাস করবে না। সরকার দলীয় স্থানীয় নেতারা লম্পট অধ্যক্ষের পক্ষে সাফাই গাইছে অভিযোগ করে তিনি বলেন, নুসরাত হত্যা মামলা সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার ন্যায় রূপ নেয় কি না সে বিষয়ে জনমনে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে।

সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করে সরকার দায় এড়াতে চাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, নুসরাত যখন ওসির কাছে অভিযোগ করেছিলো তখন পদক্ষেপ নিলে তার এই নির্মম পরিণতি ঘটতো  না।

তিনি বলেন, সোনাগাজীর ওসি দায়িত্ব অবহেলা করছে। তিনি নুসরাত অভিযোগের প্রেক্ষিতে কোন পদক্ষেপ না নিয়ে জিজ্ঞাসাবাদের নামে উল্টো নুসরাতকে যৌন হেনস্তা করেছে। যা তার ধারণকৃত ভিডিওতে প্রমাণিত।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ শিগগিরই নুসরাতের পরিবারের খোঁজখবর নিতে ফেনী যাবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৩