বিএনপি নিঃশেষ হয়ে যায়নি, আবারও ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i69698-বিএনপি_নিঃশেষ_হয়ে_যায়নি_আবারও_ঘুরে_দাঁড়াবে_মির্জা_ফখরুল
দলীয় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আপনারা হতাশ হবেন না। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। বিএনপি সবসময় জনগণকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াবে।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
এপ্রিল ১৯, ২০১৯ ১২:৩৩ Asia/Dhaka
  • বিএনপি নিঃশেষ হয়ে যায়নি, আবারও ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল

দলীয় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আপনারা হতাশ হবেন না। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। বিএনপি সবসময় জনগণকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াবে।

আজ (শুক্রবার) দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৮৬০ পৃষ্ঠার এ বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আব্দুল হাই সিকদার।

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি এবং খালেদা জিয়া এদেশের মানুষের জন্য রাজনীতি করে। সেজন্য সরকার চাইলেও বিএনপিকে শেষ করতে পারবে না।

খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। মহাসচিব বলেন, আপনারা কখনও হতাশার কথা বলবেন না। কারণ, আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী জেলে থাকুন আর বাইরে থাকুন, তিনি আমাদের অনুপ্রেরণা, তিনিই নেতৃত্ব দিয়ে এদেশে গণতন্ত্রকে মুক্ত করবেন।

খালেদা জিয়াকে নববর্ষের দিন দেখতে যাওয়ার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি এতটাই অসুস্থ যে, বিছানা থেকে উঠতে সাহায্য নিতে হয়। তারপরও তিনি এতটুকু মনোবল হারাননি। সে মনোবল নিয়েই আমাদের মাতাকে মুক্ত করতে হবে এবং গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

বিএনপির কেউ শপথ নিয়ে সংসদে যাবে না বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি জানান, দলীয় সিদ্ধান্তেই বিএনপির নির্বাচিত কেউ সংসদে যাবেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে বসে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিশিষ্টজনরা অংশ নেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৯