সংসদের আশেপাশে কেউ হাঁটবে না- গয়েশ্বর
https://parstoday.ir/bn/news/bangladesh-i69742-সংসদের_আশেপাশে_কেউ_হাঁটবে_না_গয়েশ্বর
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়াকে কারাগারে রেখে দলের কেউ যদি শপথ নিতে সংসদে যায়, তবে তার জন্য উপযুক্ত জবাব অপেক্ষায় থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২১, ২০১৯ ১২:৫৮ Asia/Dhaka
  • বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
    বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়াকে কারাগারে রেখে দলের কেউ যদি শপথ নিতে সংসদে যায়, তবে তার জন্য উপযুক্ত জবাব অপেক্ষায় থাকবে।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম জিয়ার মুক্তির দাবীতে আয়োজিত এক মানববন্ধনে  এই হুঁশিয়ারি উচ্চারণ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নেত্রী জেলে থাকবে আর আমরা সংসদে গিয়ে শেখ হাসিনাকে সন্তুষ্ট করব,  এমন ব্যক্তি বিএনপিতে আছে কি না আমার জানা নেই। যদি থাকে, যথা সময়ে যথাযথ উত্তর তাদের জন্য অপেক্ষা করছে।  তারা সংসদের আশপাশ দিয়ে হাঁটলেও  বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না। দলীয় নেতাকর্মীর কথাতো বাদই দিলাম।’

বিএনপি’র  এনেতা বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়নি । ৩০০ আসনে কেউ জয়লাভ করে নাই;  ৩০০ আসনে কেউ পরাজিতও হয় নাই। কারণ, জনগণ নির্বাচনে ভোট দেয় নাই। নির্বাচন কমিশন এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের মাধ্যমে আগের রাতে  চুরি করা ভোটের ফলাফল জনগণ মানে না, মানতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আজকের আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের মুক্তির জন্য। গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে এই সরকার হটানো সম্ভব এবং গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। সরকারকে না হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় এবং আমাদের নেত্রীকেও মুক্ত করা সম্ভব নয়।’

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আমরা সবাই জানি বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। তিনি আপস করতে জানেন না। নেত্রী জেলে থাকবে আর আমরা বাইরে থাকবো, জেলে যাওয়ার ভয়ে আন্দোলন করতে পারব না। আমাদের এই অবস্থান পরিহার করতে হবে।’

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত মানববন্ধনে গয়েশ্বর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, মৎসজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম  মাহতাব, সদস্য সচিব আব্দুল রহিম, যুগ্ম-আহ্বায়ক সেলিম মিয়া প্রমুখ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২১