দলীয় সিদ্ধান্তে শপথ নিলেন বিএনপির ৪ সংসদ সদস্য
-
বিএনপির ৪ এমপিকে শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত আরো চারজন সংসদ সদস্য শপথ নিয়েছেন। আজ (সোমবার) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদেরকে শপথবাক্য পাঠ করান।
আজ যারা শপথ নিলেন তারা হলেন- বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশারফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. হারুন অর রশীদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ভূঁইয়া।
শপথ গ্রহণের আগে এ বিষয়ে হারুনুর রশীদ বলেন, ‘দেশে সরকার থাকবে সুশাসন থাকবে না, আইনের শাসন থাকবে না এটা হতে পারে না। তারেক রহমানের নির্দেশে আমরা শপথ নিতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা দলীয় সিদ্ধান্তে শপথ নিয়েছি। সংসদে আমাদের দলের মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে।’
তাহলে মহাসচিব মির্জা ফখরুল কেন শপথ নিলেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি কেন নেননি, তার উত্তর আমরা দিতে পারব না। এটি তার ব্যক্তিগত ব্যাপার।’
আরেক প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিঃসন্দেহে অনেক প্রশ্ন রয়েছে। আমরা অবশ্যই দাবি করব, সবার সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচনের।’
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ৪ জন সংসদ সদস্যের শপথ নেওয়া দলীয় সিদ্ধান্তেই হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, আজ সোমবার বিকাল ৪টা পর্যন্ত শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত ছিল না। পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপিদলীয় এমপি জাহিদুর রহমান জাহিদ। শপথ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি থেকে ছয়জন এবং গণফোরাম থেকে দুইজন সংসদ সদস্য নির্বাচিত হন। গণফোরামের মোকাব্বির খান এবং সুলতান মোহাম্মদ মনসুরও ইতোমধ্যে শপথ নিয়েছেন। আজ ছিল শপথ গ্রহণের সময়সীমার শেষ দিন। শেষ মুহূর্তে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সাতজনই শপথ গ্রহণ করলেন।
গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচন করে বিএনপি। নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে দাবি করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বিএনপি ও ঐক্যফ্রন্ট। তবে বিএনপি থেকে নির্বাচিতরা বলছেন, এলাকার মানুষের চাপে সংসদে যেতে বাধ্য হয়েছেন তাঁরা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯