ইয়াংগুনে বিমান দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন, বাংলাদেশে ফিরল ১৭ যাত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i70221-ইয়াংগুনে_বিমান_দুর্ঘটনা_তদন্ত_কমিটি_গঠন_বাংলাদেশে_ফিরল_১৭_যাত্রী
মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান ছিটকে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৯, ২০১৯ ০৭:৪৭ Asia/Dhaka
  • ইয়াংগুনে বিমান দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন, বাংলাদেশে ফিরল ১৭ যাত্রী

মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান ছিটকে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) ছয় সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কমিটির প্রধান করা হয়েছে চিফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরীকে।

গতকাল (বুধবার) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বিমান বাংলাদেশের (বিজি-০৬০) একটি উড়োজাহাজ (ড্যাশ-৮) অবতরণের সময় ইয়াংগুনের রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজটিতে এক শিশুসহ ২৯ জন যাত্রী, ২ জন পাইলট ও ২ জন কেবিন ক্রু ছিলেন।

ইয়াংগুন বিমানবন্দরে আহত যাত্রীরা

মিয়ানমারের বাংলাদেশ মিশন জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ওই বিমানটিতে মোট ৩৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১১ জনকে বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া ১৮ জনকে বিমানবন্দরের কাছাকাছি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে কারো অবস্থাই গুরুতর নয়।

রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরেকটি বার্তায় জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা নেয়া ১৮ জনের মধ্যে ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন সেখানে চিকিৎসাধীন ১৪ জন। তবে এদের কারও অবস্থাই সংকটাপন্ন নয়।

এদিকে, ইয়াঙ্গুন থেকে ১৭ যাত্রী নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ড্যাশ-৮ কিউট-৪০০।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় বিশেষ ফ্লাইট বিজি ১০৬১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯