নির্বাচন হবে সংবিধান অনুযায়ী সাড়ে ৪ বছর পর: ড.হাছান মাহমুদ
-
ড. হাছান মাহমুদ (ফাইল ফটো)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এখন থেকে সাড়ে ৪ বছর পর যথা সময়ে নির্বাচন হবে।
আজ মঙ্গলবার (২৮ মে) রাজধানীতে এক গোলটেবিল আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, গত দুটি জাতীয় নির্বাচনে ভুল সিদ্ধান্তের কারণে জনগণ থেকে বিএনপি যোজন যোজন দূরে সরে গেছে। অনুরোধ জানাব, সাড়ে ৪ বছর আপনাদের (বিএনপি) দলকে সংগঠিত করুন। বিএনপিতে যারা দুর্নীতি ও সন্ত্রাসের দায়ে সাজাপ্রাপ্ত তাদেরকে নেতৃত্ব থেকে অপসারণ করুন। দলে নতুন নেতৃত্ব তৈরি করুন, তাহলে দল ঘুরে দাঁড়াবে।
উল্লেখ্য, এর আগে গতকাল জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার নির্বাচিত হয়েছে, সে সরকার জনগণের সরকার তা কোনোভাবেই প্রমাণিত হয় না। তাই নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে অবিলম্বে নতুন নির্বাচন দিতে হবে।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে ড. হাসান মাহমুদ বলেন, অবশ্যই আপনারা সমালোচনা করবেন, সংসদে ও রাজপথে। আমারা চাই আপনার সমালোচনা করুন। দয়া করে সমালোচনার নামে রাজনীতি করবেন না। অপরাজনীতি পরিহার করুন। দেশের স্বার্থে, উন্নয়ন অগ্রগতির স্বার্থে রাজনীতি করুন।
এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া ন্যায়-নিষ্ঠ থাকলে তাকে কারাগারে যেতে হতো না। এতিমের টাকা আত্মসাৎ না করলে তার বিরুদ্ধে মামলাই হতো না।
ওদিকে,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, সরকারের গণবিরোধী নীতির কারণে ক্ষুধা, হাহাকার, অনাহার ও অর্ধাহারে দেশের মানুষের জীবন আজ বিপন্ন।
রিজভী বলেন, “সরকারকে বলব, জোর জবরদস্তি করে আর ক্ষমতায় থেকে দেশের জনগণের প্রতি জুলুম করবেন না। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, জনগণকে বাঁচতে দিন”। #
রেডিও তেহরান/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৮