ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পথে শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i70829-ওআইসি_শীর্ষ_সম্মেলনে_যোগ_দিতে_সৌদি_আরবের_পথে_শেখ_হাসিনা
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে চারদিনের সরকারি সফর শেষে জেদ্দার উদ্দেশে টোকিও ত্যাগ করেন তিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ৩১, ২০১৯ ১০:৫৭ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে চারদিনের সরকারি সফর শেষে জেদ্দার উদ্দেশে টোকিও ত্যাগ করেন তিনি।

আজ (শুক্রবার) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে টোকিও'র হানেদা আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে জেদ্দার বাদশাহ্ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে প্রধানমন্ত্রী ওআইসি সম্মেলনে যোগ দিতে মক্কা যাবেন। সন্ধ্যায় মক্কার সাফা প্রাসাদে ওআইসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।

সৌদি আরব ওআইসি’র এ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ। পবিত্র মক্কা নগরীতে ৩১ মে ও ১ জুন ওআইসি’র ১৪ তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

ওআইসি সম্মেলন শেষে ১ জুন মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত ও ফাতেহা পাঠের উদ্দেশে জেদ্দা থেকে বিমান যোগে মদীনার যাবেন। রওজা জিয়ারত শেষে সন্ধ্যায় মদীনা থেকে জেদ্দায় ফিরবেন শেখ হাসিনা।

৩ জুন প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের হেলসিঙ্কির উদ্দেশে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টা ১০মিনিটে জেদ্দা ত্যাগ করবেন। ওইদিন ফিনল্যান্ড সময় বেলা ১টায় হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবেন।

জাপানে চারদিনের সফরে, দেশটির সঙ্গে বাংলাদেশের আড়াই বিলিয়ন ডলারের একটি সহযোগিতা চুক্তি সই হয়। চার প্রকল্পের জন্য এ অর্থ দেবে জাপান। এরআগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। চুক্তি সইয়ের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এছাড়া টোকিওতে ২৫তম নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা করেন এবং প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এ তিনটি দেশ সফরের উদ্দেশে ২৮ মে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ দিনের সফর শেষে আগামী ৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।