উন্নয়ন দেখতে বিএনপি নেতাদের পাওয়ারের চশমা দরকার : ওবায়দুল কাদের
-
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
৫ জুলাই : বাংলাদেশে বর্তমান সরকারের উন্নয়ন দেখার জন্য বিএনপি নেতাদের পাওয়ারের চশমা পরা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, চীন আমাদের উন্নয়ন সহযোগী। প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে দুই বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক সই হয়েছে। এটাকে উড়িয়ে দেয়া যায় না। সমঝোতা হয়েছে উন্নয়নের জন্য। কিন্তু উন্নয়ন বিএনপি নেতারা দেখেন না। উন্নয়ন দেখার জন্য তাদের পাওয়ারের চশমা পরা দরকার।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, চীন সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী। চীনের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে, মিয়ানমারকে চীন চাপ প্রয়োগ করবে। আসলে বিএনপি ক্ষমতায় থেকে যে প্র্যাকটিসটা করেছে তারা সেটাই দেখছেন। এখন তারা সেটা করতে পারছেন না বলে এই গাত্রদাহ।
সমঝাতার ভিত্তিতে খালেদা জিয়া দীর্ঘদিন হাসপাতালে আছেন কিনা, এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, তিনি কেন এতদিন হাসপতালে আছেন, সেটা কারা কর্তৃপক্ষ বলতে পারবে। আর কতদিন হাসপাতালে থাকবেন সেটা মেডিকেল বোর্ড দেখবে। তবে, খালেদা জিয়া প্যারোল চাইলে সেটা সরকার দেখবে।
গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, গ্যাসের দাম বাড়ানোর কিছু যৌক্তিক কারণ আছে। এটা পুনর্বিবেচনা করা হবে কি-না, সেটা সরকারের উচ্চ পর্যায়ের ব্যাপার। তবে আমার মনে হয় না বিবেচনার সুযোগ আছে। গ্যাসের জন্য এখনও অনেক ভর্তুকি দিতে হয়।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নয়ন বন্ড নিহত হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বক্তব্য দিয়েছেন। এটাকে তিনি এনকাউন্টার বলেছেন। এনকাউন্টার আর ক্রসফায়ার এক কথা নয়। সুতরাং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কোনও স্বীকৃতি নেই।
এদিকে, পাবনার ইশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলার রায় নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দীর্ঘ ২২বছর পর এই মামলার রায় হয়েছে। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত এ রায় দিয়েছেন। ফরমায়েশি রায়ের প্রশ্নই ওঠে না। বিএনপির আমলে তারা আদালতকে পকেটে রাখতেন। এজন্যই তারা আবোল তাবোল বলছেন।
আজ (শুক্রবার) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে নবনির্মিত চারতলা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন শেষে, সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। প্রায় চার কোটি ১০লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।#
পার্সটুডে/ শামস মণ্ডল/ এমএএইচ/৫