বাজে হারে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন, সেরা দশে সাকিব
https://parstoday.ir/bn/news/bangladesh-i71747-বাজে_হারে_শেষ_হলো_বাংলাদেশের_বিশ্বকাপ_মিশন_সেরা_দশে_সাকিব
তরুণ পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদির বোলিং তোপে ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ। পাকিস্তানের ৩১৫ রানের জবাবে ২২১ রানেই অলআউট হয়ে যায় মাশরাফি বিন মর্তুজার দল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ০৫, ২০১৯ ১৯:৪১ Asia/Dhaka
  • বাজে হারে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন, সেরা দশে সাকিব

তরুণ পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদির বোলিং তোপে ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ। পাকিস্তানের ৩১৫ রানের জবাবে ২২১ রানেই অলআউট হয়ে যায় মাশরাফি বিন মর্তুজার দল।

তবে বড় জয়েও বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়নি পাকিস্তানেরও। বাংলাদেশকে ৭ রানের মধ্যে অলআউট করতে পারলেই কেবল তা সম্ভব হতো। ফলে ৮ ম্যাচে নিউজিল্যান্ডের সমান ৯ পয়েন্ট নিয়েও নেট রান রেটের ব্যবধানে বাদ পাকিস্তান।

৩১৬ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার দ্রুত বিদায় নেয়ার পর চলতি বিশ্বকাপে টাইগারদের বাকি সব ম্যাচের মতো এই ম্যাচেও হাল ধরেন সাকিব আল হাসান। কিন্তু তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন মুশফিকুর রহিমও। 

১৯ বলে ১৬ রানের ইনিংস খেলে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে ফিরেছেন মুশফিক। ৪০ বলে ৩২ রান করে আফ্রিদির বলে হারিস সোহেলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন লিটন দাসও। ৪১ এরপর ৬৪ রান করে সাকিবও আফ্রিদির শিকার হলে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ৬৪ রান করে থেমেছেন সাকিব আল হাসান।

৬ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ শাহীন আফ্রিদি

এরপর আফ্রিদির এক ওভারেই রিয়াদ ও মোসাদ্দেক বিদায় নিলে পরাজয় শুধুই সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আগের ম্যাচে ফিফটির ইনিংস খেলা মোহাম্মদ সাইফউদ্দিনও শূন্য রানেই বিদায় নিলে সব আশাই শেষ হয়ে যায় বাংলাদেশের। শেষে ১৪ বলে ২ ছক্কায় ১৫ রান করে শুধু আক্ষেপই বাড়ালেন মাশরাফি। ৪৪.১ ওভার শেষে ২২১ রানেই থেমে যায় বাংলাদেশ।

বাংলাদেশের যা সর্বনাশ করার তা শাহিন আফ্রিদিই করছেন। ৯ ওভার ১ বলে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। শাদাব খান দুটি, ওয়াহাব রিয়াজ একটি আর মোহাম্মদ আমির নেন একটি উইকেট।

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে টানা দ্বিতীয়বার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন মুস্তাফিজ

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাবর আজমের ৯৬ ও ইমামের ১০০ রানের সুবাদে ৩১৫ রানের স্কোর গড়ে পাকিস্তান। এই দুই ব্যাটসম্যান ছাড়াও ইমাদ ওয়াসিমের ৪৩ রানের ঝড়ো ইনিংসটিও বড় অবদান রাখে দলীয় সংগ্রহে। 

মুস্তাফিজ পান পাঁচ উইকেট। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে টানা দ্বিতীয়বার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন মুস্তাফিজ। তবে ভালো বল করেন মিরাজও। ১০ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। সাইফউদ্দিন ৯ ওভারে ৭৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

গিলক্রিস্ট, মিয়াঁদাদদের ডিঙিয়ে সেরা দশে সাকিব

সেরা দশে সাকিব

দল হারলেও ২০১৯ বিশ্বকাপটা স্মরণীয় হয়ে রইল সাকিব আল হাসানের। রান করলেন মোট ৬০৬। উইকেট পেয়েছেন ১১টি। এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান তাঁর। ৬০৬ রান নিয়ে শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার রান ৫৪৪।

আগের তিন বিশ্বকাপে ২১ ম্যাচে সাকিব করেছিলেন ৫৩৯ রান। এবার ৮ ম্যাচেই করে ফেলেছেন তারচেয়ে বেশি। অবিশ্বাস্য ফর্মে থাকা সাকিব আল হাসান বিশ্বকাপের ইতিহাসে ছাপিয়ে গেছেন বহু নামজাদা ব্যাটসম্যানদের। অ্যাডাম গিলক্রিস্ট, জাভেদ মিয়াঁদাদ, মাহেলা জয়াবর্ধনেদের মতো তারকাদের টপকে সাকিব এখন বিশ্বকাপের ইতিহাসের সেরা ১০ রান সংগ্রাহকদের একজন।#
  

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।