'বিএনপির সক্ষমতা থাকলে খালেদা জিয়ার জন্য আন্দোলন করে না কেন?'
https://parstoday.ir/bn/news/bangladesh-i71872-'বিএনপির_সক্ষমতা_থাকলে_খালেদা_জিয়ার_জন্য_আন্দোলন_করে_না_কেন_'
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে দলটিকে আন্দোলনের সক্ষমতা দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১১, ২০১৯ ১২:০৩ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে দলটিকে আন্দোলনের সক্ষমতা দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি আওয়ামী লীগ বা বিএনপির বিষয় নয়; আদালতের বিষয়। বিএনপির যদি সক্ষমতা থাকে খালেদা জিয়ার জন্য আন্দোলন করে না কেন? তারা শুধু মুখে হাকডাক দেয়। দেখি না তারা আন্দোলন করে খালেদা জিয়াকে বের করুক।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কিছু করার নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার জামিনের ব্যাপার বরাবরই আদালতের বিষয়। আওয়ামী লীগ তাকে জেলে বন্দি করেনি। আদালতের আদেশে দুর্নীতি মামলায় তিনি কারাগারে আছেন। এটা আইনের ব্যাপার। আইনিভাবে তাকে বের করে আনতে পারলে সেটা আপনাদের ব্যাপার। সরকার তাকে মুক্তি দিতে পারে না। কারণ বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগে সরকার হস্তক্ষেপ করে না।’

দেশে গণতন্ত্র নেই বলে বিএনপির অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের কোনো সংকট নেই। গণতন্ত্রের সংকট আছে বিএনপিতে। নিজে নির্বাচিত হয়ে মির্জা ফখরুল সাহেব সংসদে গেলেন না। কোন কৌশলে নির্বাচনে জিতে সংসদে যোগ দিলেন না। অথচ সেই আসনে তার লোক নির্বাচনের অংশ নিলো-এই প্রশ্নের জবাব দেশবাসী জানতে চায়।’

শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষ্যে আয়োজিত এ আলোচনা সভায় ওবায়দুল কাদের মন্তব্য করেন, যারা পদ্মা সেতুর কাজ নিয়ে ঈর্ষান্বিত তারাই সরকারের এই প্রকল্প নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ সময় রাজপথে আন্দোলনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচারের জবাব দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারকে কোণঠাসা এবং বিপদে ফেলতে তৎপরতা চালাচ্ছে বিরোধীপক্ষ। এসময় তিনি আরও জানান, দলীয় শৃঙ্খলা মেনেই আওয়ামী লীগের রাজনীতি করতে হবে।

তৃণমূল কমিটি গঠনের সময় ত্যাগী ও আদর্শবানদের প্রাধান্য দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১