শ্রীলঙ্কা সফর: বাংলাদেশ দলে নেই সাকিব-লিটন, ফিরলেন বিজয়-তাইজুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i71999-শ্রীলঙ্কা_সফর_বাংলাদেশ_দলে_নেই_সাকিব_লিটন_ফিরলেন_বিজয়_তাইজুল
ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও স্পিনার তাইজুল ইসলামকে অন্তর্ভুক্ত করে শ্রীলঙ্কা সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান এবং লিটন দাস। হজ পালনের জন্য বোর্ড থেকে ছুটি নিয়েছেন সাকিব। অন্যদিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন লিটন, সে কারণে তাঁকেও ছুটি দেয়া হয়েছে। এছাড়া, আবু জায়েদ রাহী ছাড়া বিশ্বকাপ দলের সকল সদস্য যাচ্ছেন শ্রীলঙ্কায়।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৬, ২০১৯ ১২:৪২ Asia/Dhaka
  • এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম
    এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম

ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও স্পিনার তাইজুল ইসলামকে অন্তর্ভুক্ত করে শ্রীলঙ্কা সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান এবং লিটন দাস। হজ পালনের জন্য বোর্ড থেকে ছুটি নিয়েছেন সাকিব। অন্যদিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন লিটন, সে কারণে তাঁকেও ছুটি দেয়া হয়েছে। এছাড়া, আবু জায়েদ রাহী ছাড়া বিশ্বকাপ দলের সকল সদস্য যাচ্ছেন শ্রীলঙ্কায়।  

আজ (মঙ্গলবার) সাংবাদিকদের এমনটাই বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শেষবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়। আর তাইজুল ইসলাম অবশ্য টেস্ট দলে ছিলেন। শেষবার ওয়ানডে খেলছেন ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে।  এই মুহূর্তে বিসিবি একাদশের হয়ে ভারত সিরিজ খেলায় ব্যস্ত আছেন তিনি। ভারত থেকে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন তাইজুল।

বিজয় ও তাইজুলকে দলে নেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, 'শ্রীলঙ্কা সিরিজে সাকিব ও লিটন খেলছে না। তাই তাদের জায়গায় বিকল্প খেলোয়াড় হিসেবে এনামুল হক বিজয় ও তাইজুল ইসলামকে নেয়া হয়েছে। লিটনের জায়গায় খেলবে বিজয়। ঘরোয়া লিগে ভালো খেলায় ওকে নেয়া হয়েছে। আর সাকিবের বিকল্প হিসেবে একজন বাঁহাতি স্পিনার দরকার। সেজন্যই তাইজুলকে দলে নেয়া।'

অভিষেক ওয়ানডে ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন তাইজুল ইসলাম। এরপর অবশ্য টেস্ট দলের ট্যাগ লেগে যাওয়ায় খুব বেশি ওয়ানডে খেলা হয়নি তার। ক্যারিয়ারে মাত্র ৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। লম্বা সময় পর সাকিব ছুটি নেয়ায় আবার ফিরলেন তিনি। অন্যদিকে লম্বা সময় পর গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরেছিলেন বিজয়। কিন্তু তিন ম্যাচ খেলে মাত্র করেছিলেন মাত্র ৩৩ রান। ফলে বাদ পড়েছিলেন তিনি। এক বছর পর আবার ফিরলেন এ ওপেনার।

উল্লেখ্য, শ্রীলঙ্কার উদ্দেশে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে কোন ধরনের প্রস্তুতি ক্যাম্প হবে না দেশে। শ্রীলঙ্কায় পৌঁছে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২৬ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৮ ও ৩১ জুলাই বাকি দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।