বাড়ছে ডেঙ্গুর প্রকোপ; ঢাকা উত্তর সিটির সংশ্লিষ্টদের ছুটি বাতিল; সচেতনতা বাড়ানোর পরামর্শ
https://parstoday.ir/bn/news/bangladesh-i72078-বাড়ছে_ডেঙ্গুর_প্রকোপ_ঢাকা_উত্তর_সিটির_সংশ্লিষ্টদের_ছুটি_বাতিল_সচেতনতা_বাড়ানোর_পরামর্শ
বাংলাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সরকারি হিসেবে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন। তবে বিভিন্ন গণমাধ্যম বলছে, সরকারি-বেসরকারি ১৭টি হাসপাতাল এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মিলিয়ে দেখা গেছে, এ পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। যার একটি বড় অংশই শিশু। মৃতের তালিকায় চিকিৎসক, নার্স, গর্ভবতীও আছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৯, ২০১৯ ১৩:৪৭ Asia/Dhaka
  • মেয়র আতিকুল ইসলাম
    মেয়র আতিকুল ইসলাম

বাংলাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সরকারি হিসেবে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন। তবে বিভিন্ন গণমাধ্যম বলছে, সরকারি-বেসরকারি ১৭টি হাসপাতাল এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মিলিয়ে দেখা গেছে, এ পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। যার একটি বড় অংশই শিশু। মৃতের তালিকায় চিকিৎসক, নার্স, গর্ভবতীও আছেন।

সরকারি হিসাবে, মে মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৮৪ জন। জুন মাসে তা বেড়ে হয় ১ হাজার ৭৭০ জন। আর চলতি জুলাইয়ের প্রথম ১৮ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৪৬১ জন। এ বছর মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৪৬ জন। বৃহস্পতিবার ঢাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল ১ হাজার ২০৭ জন। ঢাকার বাইরে অন্তত চারটি জেলায় ডেঙ্গু জ্বরের রোগী শনাক্ত হয়েছে।

এদিকে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশক ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আজ (শুক্রবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

মেয়র বলেন, এডিস মশার জন্ম স্বচ্ছ পানিতে, ময়লা পানিতে নয়। যেখানে স্বচ্ছ পানি তিন দিনের বেশি থাকে, সেখানে এডিস মশা জন্মে। তা বন্ধ করতে হবে। সবাইকে নিজের ঘরের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। সবাই নিজেদের দায়িত্ব পালন করলে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। উত্তর সিটিতে মশা নিধনে পাঁচটি আঞ্চলিক কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।

দক্ষিণ সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানোর পাশাপাশি ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ স্বাস্থ্যসেবা পক্ষ পালন করছে। এর অংশ হিসেবে ৬৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা একটি কল সেন্টার চালু করেছে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। ডেঙ্গু বহনকারী এডিস মশা নিধনে সরকারের সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কাজে সবাইকে সহযোগিতা করতে হবে। সচেতনতা বাড়াতে হবে।

২০০০ সালে দেশে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। সরকারি হিসাবে ওই বছর ৫ হাজার ৫৫১ জন আক্রান্ত হয়েছিল আর মারা গিয়েছিল ৯৩ জন। এরপর ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা কমতে থাকে। গত বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। আর মারা গিয়েছিল ২৬ জন।#

পার্সটুডে/শামস মন্ডল/ বাবুল আখতার/ ১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।