আওয়ামী লীগের ১০ বছরের শাসনামলে ১২০৯ জন গুম হয়েছে: রিজভী
-
রুহুল কবির রিজভী
বাংলাদেশে আওয়ামী লীগের বিগত দুই শাসনামলে ১২০৯ জন গুম হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশে গুম শুরু হয়েছে ১৯৭২ সাল থেকে। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত সারাদেশে গুম হওয়া মানুষের সংখ্যা ১২০৯ জন।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এ সময়, দেশে গুম হওয়া মানুষের বিষয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য তুলে ধরেন তিনি।
রিজভী বলেন, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের রিপোর্ট অনুযায়ী, ২০০৯ সালের শুরু থেকে ২০১৮ সালের শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে ৫০৭টি জোরপূর্বক গুমের প্রামাণ্য দলিল উপস্থাপন করেছে নাগরিক সমাজ বিষয়ক গ্রুপগুলো। গুম হয়ে যাওয়া মানুষের ভেতরে ২৮৬ জন জীবিত অবস্থায় ঘরে ফিরে এসেছেন। ৬২ জনকে উদ্ধার করা হয়েছে মৃত অবস্থায়। বাকি ১৫৯ জন মানুষ আজও নিখোঁজ রয়েছেন।
আওয়ামী লীগ সরকার বাংলাদেশে গুমের ইতিহাস সৃষ্টি করেছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, রাষ্ট্রীয় মদদ ছাড়া কাউকে গুম করা অসম্ভব। গুম ও ক্রসফায়ারের মতো গুরুতর অপরাধের ঘটনাগুলো সমাজ, সংবাদ-মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করলেও তাতে সরকারের টনক নড়ে না। এতেই বোঝা যায় এতসব গুমের হোতা কারা। তবে, গুমের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের মদদদাতারা বিচারের আওতার বাইরে থাকবে না। প্রতিটি গুমের তদন্ত ও বিচার হবেই বলে জানান তিনি।
গুমের শিকার পরিবারের সদস্যরা এখনও স্বজনদের ফিরে আসার পথ চেয়ে বসে আছেন উল্লেখ করে রিজভী বলেন, ছোট শিশুরা অপেক্ষা করছে বাবা ফিরে আসবে সেই আশায়। সন্তানের দুশ্চিন্তায় অনেকের বাবা-মা দুনিয়া ছেড়ে চলে গেছেন। নিখোঁজ সুমনের মা চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে গুমের ধারাবাহিকতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা শুরু হয়েছিল ১৯৭২ থেকে ৭৫ সালে। গণতন্ত্রের অকাল প্রয়াণ ঘটানোর জন্যই গুমের মতো অমানবিক কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীনরা। গণতন্ত্র হত্যায় রাষ্ট্রের এ নিষ্ঠুর চেহারা দেখে জনগণ শোক জানাতেও ভয় পাচ্ছে।
এ সময়, মৌলভীবাজার কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামের নামফলক ছাত্রলীগ ভেঙে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেন রিজভী।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।