বাংলাদেশে শোকাবহ আশুরা পালিত, তাজিয়া মিছিলে মানুষের ঢল
-
ঢাকায় তাজিয়া মিছিল
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)-এর শাহাদতসহ কারবালার বিষাদময় নানা ঘটনার স্মরণে বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শোকাবহ আশুরা।
আজ (মঙ্গলবার) সকাল ১০টার পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আশুরার প্রধান তাজিয়া মিছিল শুরু হয়। তাজিয়া মিছিল সমন্বয়ের মূল দায়িত্ব পালন করে হোসেনি দালান ইমামবাড়া ম্যানেজমেন্ট কমিটি।
মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের পরনেই কালো পাজামা-পাঞ্জাবি, কেউ পরেছেন সাদা-কালো পোশাক। তাদের হাতে হাতে ঝালর দেওয়া লাল, কালো, সবুজ ঝাণ্ডা। বুক চাপড়ে, ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে ফোরাত তীরের কারাবালার ঘটনাকে স্মরণ করছেন তারা।
এবারের মিছিলে দুইটি ঘোড়া রয়েছে, যার মধ্যে একটিকে রঙ দিয়ে রক্তের রূপ দেওয়া হয়। যার মাধ্যমে যুদ্ধ শেষে রক্তাক্ত ঘোড়ার অবস্থানও তুলে ধরা হয়েছে। সবকিছু মিলিয়ে বিভিন্ন অনুষঙ্গ দিয়ে মিছিলে কারবালার রক্তাক্ত প্রান্তরকে ফুটিয়ে তোলার চেষ্টা চালানো হয়েছে।
হাজারো মানুষের এই শোক মিছিল উর্দু রোড, লালবাগ গোর-এ-শহীদ মাজার, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমণ্ডি ২ নম্বর সড়কের পশ্চিম প্রান্তে প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

হোসনি দালান ইমামবাড়ার প্রশাসনিক কর্মকর্তা মির্জা মোহাম্মদ নাকি আসলাম জানান, ৪০০ বছর ধরে পুরান ঢাকায় শোকের মাতম অর্থাৎ তাজিয়া মিছিল বের করা হয়। কারবালায় ইমাম হোসেনসহ তার পরিবারকে হত্যার মধ্যদিয়ে যে বিষাদময় ঘটনা ঘটেছে ইতিহাসে তার পুনরাবৃত্তি হবে না। মিছিলে বিভিন্ন ধর্ম ও গোষ্ঠীর মানুষ অংশ নিয়েছে।
এদিকে, তাজিয়া মিছিল শুরুর পর মিছিলের সামনে ও পেছনে বিপুল সংখ্যক নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যে সড়ক দিয়ে মিছিল যাচ্ছে পুরো রাস্তা ঘিরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। রাস্তার পাশের ভবনগুলোর রুফটপ থেকেও পুলিশ সদস্যদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। প্রস্তুত রয়েছে পুলিশের জলকামান ও সাঁজোয়া যান।
হিজরি ৬১ সনের ১০ মহররম হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (আ.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। মুসলিম বিশ্বে এই দিনটি ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা নানা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন