প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দলকে শক্তিশালী করুন: বিএনপির প্রতি তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i73615-প্রতিহিংসার_রাজনীতি_ছেড়ে_দলকে_শক্তিশালী_করুন_বিএনপির_প্রতি_তথ্যমন্ত্রী
প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দলকে শক্তিশালী করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ চায় বিএনপি শক্তিশালী বিরোধীদল হিসেবে টিকে থাকুক। কিন্তু ভুল রাজনীতির জন্য বিএনপি দল হিসেবে বার বার পিছিয়ে যাচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১২:১৮ Asia/Dhaka
  • ড. হাছান মাহমুদ
    ড. হাছান মাহমুদ

প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দলকে শক্তিশালী করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ চায় বিএনপি শক্তিশালী বিরোধীদল হিসেবে টিকে থাকুক। কিন্তু ভুল রাজনীতির জন্য বিএনপি দল হিসেবে বার বার পিছিয়ে যাচ্ছে।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৭তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময়, দেশ ও জনগণের কল্যাণে সোহরাওয়ার্দীর সংগ্রামের কথা তুলে ধরে তিনি।

গণতন্ত্রকে সুসংহত করতে শক্তিশালী বিরোধীদলের বিকল্প নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির উচিত, নেতিবাচক রাজনীতি পরিহার করে মানবিক রাজনীতি করা। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ, গ্রেনেড হামলাসহ অতীতের প্রতিহিংসার রাজনীতির জন্য বিএনপির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মানববন্ধন নয়, দানববন্ধন করতে হবে- এই কথা বলে যে অশুভ ইঙ্গিত দিচ্ছেন, সেই পরিকল্পনা থেকে বের হয়ে আসুন। তাহলে আপনাদের দলও উপকৃত হবে, দেশের মানুষের যে ঘৃণা, তা থেকেও আপনারা মুক্তি পাবেন। আমরা চাই, আপনারা শক্তিশালী দল হিসেবে টিকে থাকুন।

এ সময়, আগুন সন্ত্রাসের জন্য বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হলে গণমাধ্যমে কথা বলার মতো কেউ থাকবে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা চিহ্নিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা পাচ্ছে। ওই ব্যক্তি ও প্রতিষ্ঠান কীভাবে তাদের সহযোগিতা করছে তা জানতে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ফামর্গেটের কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ আসছে। কিছু এনজিও ও ব্যক্তি রোহিঙ্গাদের প্রত্যক্ষ-পরোক্ষভাবে মদদ দিচ্ছে। রোহিঙ্গারা এদের মাধ্যমেই দেশীয় অস্ত্র মজুদ, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়াচ্ছে। তারা সমাবেশও করেছে। কেউ যাতে রোহিঙ্গাদের নেপথ্য থেকে সহযোগিতা করতে না পারে তার জন্য পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তদন্ত চলছে। এ ক্ষেত্রে  কাউকে দোষী পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন