অন্যায়-অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i73664-অন্যায়_অনিয়ম_করলে_কাউকে_ছাড়_দেয়া_হবে_না_ওবায়দুল_কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। অন্যায়-অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেয়া হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ১২:৩৩ Asia/Dhaka
  • অন্যায়-অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। অন্যায়-অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেয়া হবে না।

আজ (রোববার) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এরআগে নবনির্মিত ভুলতা ফ্লাইওভারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন সেতুমন্ত্রী। ৩৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারলেনের এ ফ্লাইওভারটি প্রধানমন্ত্রী যেকোনদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান তিনি।

ছাত্রলীগের কমিটিতে পরিবর্তন প্রসঙ্গে ওবায়দুল বলেন, বাংলাদেশে এই প্রথম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলো। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে এবং বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে।

শোভন ও রাব্বানী

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেখভাল করছেন। ছাত্রলীগের পরবর্তী সম্মেলন সম্পন্ন করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিনি দায়িত্ব দিয়েছেন।

এদিকে, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সোমবার আনুষ্ঠানিকভাবে সংগঠনের দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। 

ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য

আজ (রোববার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। এ সময়, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। 

তারা জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করবেন। ছাত্রলীগের ভাবমূর্তি উদ্ধারে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান তারা।#

পার্সটুডে/শামস মন্ডল/এমবিএ/১৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন