ছাত্রলীগের কোনো কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির প্রমাণ পেলেই ব্যবস্থা: জয়
-
সংবাদ সম্মেলনে আল-নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগকে প্রাণবন্ত ও বিতর্কমুক্ত রাখতে কাজ করতে চান বলে জানিয়েছেন নতুন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।
আজ (রোববার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
ছাত্রলীগের ভেতর থেকে চাঁদাবাজি ও অবৈধ টেন্ডারবাজি বন্ধে জোরালো পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে দায়িত্বপ্রাপ্ত নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘ছাত্রলীগের কোনো কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির প্রমাণ পেলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে।’
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী ১০ মাসের মধ্যে কমিটি গঠন করা এবং ছাত্রলীগের পরবর্তী সম্মেলনের আয়োজন করা। আমরা ছাত্রলীগকে সকল বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যেতে চাই যাতে করে কোনো সাংবাদিক ছাত্রলীগের বিরুদ্ধে কোনো নেতিবাচক বিষয় আনতে না পারে।’
তিনি বলেন, 'আমাদের প্রথম কাজ হবে, শোভন-রাব্বানীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা কাটিয়ে ওঠা। সেই সাথে আমাদের বিরুদ্ধেও যেন এমন কোনো অভিযোগ কেউ না তুলতে পারে সে বিষয়ে কাজ করা। আমরা আশাবাদী, ছাত্রলীগের জন্য এমন একটি অবস্থান প্রস্তুত করব, যেখানে সাংবাদিকরা নেতিবাচক সংবাদ করার কোনও সুযোগই পাবেন না।'
গত ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে দেন এবং আগের সভাপতি ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে পদত্যাগ করতে বলেন। এই দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন