নেতানিয়াহুর জর্দান উপত্যকা দখলের হুমকির তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i73682-নেতানিয়াহুর_জর্দান_উপত্যকা_দখলের_হুমকির_তীব্র_নিন্দা_জানাল_বাংলাদেশ
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জর্দান নদীর পশ্চিম তীরের কিছু অংশ ইসরাইলে যুক্ত করার যে হুমকি দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ২০:০৭ Asia/Dhaka
  • ওআইসির জরুরি সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ
    ওআইসির জরুরি সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জর্দান নদীর পশ্চিম তীরের কিছু অংশ ইসরাইলে যুক্ত করার যে হুমকি দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সৌদি আরবের রাজধানী রিয়াদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি সভায় এ নিন্দা জানানো হয়। রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীদের সভায় রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, বাংলাদেশ সংবিধান অনুযায়ী নিপীড়িত মানুষের পাশে থাকার ও যেকোনো মূল্যে মুসলিম উম্মাহর একতা বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট রেজ্যুলেশনের বাস্তবায়ন, রোডম্যাপ ও আরব শান্তি পরিকল্পনার গুরুত্ব সর্বাধিক। বাংলাদেশ ওআইসি ও জাতিসংঘের সদস্য হিসেবে ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাবে। আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো তাদের মূল বক্তব্যে এ বিষয়টি তুলে ধরবেন বলেও জানান তিনি।

জরুরি সভায় সৌদি আরব ছাড়াও তুরস্ক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিনসহ আরও ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। এতে সভাপতিত্ব করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আবদুল আজিজ আল-আসাফ। 

সভায় ফিলিস্তিন বিষয়ে গৃহীত রেজ্যুলেশনে জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের সম্মেলনে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি সদস্যদের কথা বলার অনুরোধ জানিয়ে বাংলাদেশের প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে অন্তর্ভুক্ত হয়। এছাড়া, সম্প্রতি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের তেলক্ষেত্রে ড্রোন হামলার তীব্র নিন্দা জানানো হয়। এ বিষয়েও একটি পৃথক রেজ্যুলেশন গৃহীত হয়।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি এক নির্বাচনি জনসভায় ঘোষণা দিয়েছেন, তিনি পুনর্নিবাচিত হলে অধিকৃত পশ্চিম তীরের বিশাল অংশকে ইসরাইলের সঙ্গে যুক্ত করবেন।  

তিনি বলেছেন, ১৭ সেপ্টেম্বরের নির্বাচনে জয়লাভের পরপরই জর্ডান উপত্যকা এবং ডেড সি বা মৃত সাগরের উত্তরাঞ্চলে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে।

নেতানিয়াহুর ঘোষণার পর আরব লীগের মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে এ ঘোষণার নিন্দা জানানো হয়েছে। ইরান, কাতার, তুরস্ক, জর্ডান ও সিরিয়াসহ আরও কয়েকটি দেশ আলাদা বিবৃতিতে এ ধরণের পদক্ষেপের সম্ভাব্য পরিণতির বিষয়ে সতর্ক করে দিয়েছে।# 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন