ছাত্রলীগ থেকে শোভন-রাব্বানী বাদ: রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i73714-ছাত্রলীগ_থেকে_শোভন_রাব্বানী_বাদ_রাজনৈতিক_অঙ্গনে_মিশ্র_প্রতিক্রিয়া
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে অপসারণের ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে সরগরম আলোচনা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ১৫:৫০ Asia/Dhaka

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে অপসারণের ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে সরগরম আলোচনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ ঘোষণা দিয়েছেন, দলের ভেতরে যত বড়ই নেতা হোক, যত প্রভাবশালী ব্যক্তি হোক, অপকর্মের সাথে যারাই জড়িত থাকবে কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।  

সোমবার মতিঝিলস্থ বিআরটিসি সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম

জাবি ভিসির পদত্যাগ দাবি ফখরুলের

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'দুর্নীতির দায়ে ছাত্রলীগের দুই নেতাকে অপসরণের ঘটনায় প্রমাণিত হয়েছে যে, সারাদেশে দুর্নীতি কি ভয়াবহ আকারে চলছে।

আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধনে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চাঁদাবাজির ঘটনায় জড়িত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত অথবা তাকে পদচ্যুত করা উচিত।

ছাত্রলীগে কোনো সিন্ডিকেট নেই: জয়

ওদিকে, নতুন দায়িত্ব পাওয়ার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিয়ান খান জয় আজ দুপুরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর বলেছেন, ছাত্রলীগ কখনো আদর্শচ্যুত হয় না, কোন ব্যক্তির দায় সংগঠন নেবে না। ছাত্রলীগে কোনো সিন্ডিকেট নেই। অবিলম্বেই দলে অনুপ্রবেশকারীদের ঠেকানো হবে।

ড. ইফতেখারুজ্জামান

তবে, দুর্নীতি বিরোধী সংস্থা  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, দুর্নীতির বিচার হওয়া জরুরি সেটা যে পর্যায়েরই হোক না কেন। শোভন-রাব্বানীকে তাদের পদ থেকে সরিয়ে দেয়ার যে পদক্ষেপ প্রধানমন্ত্রী নিয়েছেন সেটা প্রশংসনীয়। তবে তাদের আইনের আওতায় আনা হয় কিনা সেটাই দেখার বিষয়।

তিনি বলেন, শোভন-রাব্বানী চাঁদা চেয়ে থাকলে সেটা ফৌজদারী অপরাধ। শোভন-রাব্বানীই শুধু নয়, এর উপরে আরো অনেক স্তর আছে, যারা রাজনৈতিকভাবে আরো বেশি প্রভাবশালী। এখন তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনা দরকার।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন