ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালেদ আটক, ২৫ লাখ টাকা জব্দ
https://parstoday.ir/bn/news/bangladesh-i73773-ক্যাসিনোর_মালিক_যুবলীগ_নেতা_খালেদ_আটক_২৫_লাখ_টাকা_জব্দ
বাংলাদেশের রাজধানীর ফকিরাপুলে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) হাতে আটক হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১৯:০৩ Asia/Dhaka
  • খালেদ মাহমুদ ভূঁইয়া
    খালেদ মাহমুদ ভূঁইয়া

বাংলাদেশের রাজধানীর ফকিরাপুলে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) হাতে আটক হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম জানিয়েছেন, বুধবার রাতে গুলশানের বাসা থেকে খালেদকে তারা গ্রেপ্তার করেন। ওই বাসা থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে দুটি অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

ফকিরাপুলের ‘ইয়ংম্যান’স ক্লাবে’ র‍্যাবের অভিযান

র‌্যাব-১-এর সিনিয়র এএসপি সুজয় সরকার জানান, বিকেল ৪টা থেকেই গুলশান ২-এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। এই বাড়ির তৃতীয় তলার এ-৩ ফ্ল্যাটটি খালেদের। আটকের পর রাত ৮ টা ২৫ মিনিটে খালেদকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান র‌্যাব সদস্যরা।

এর আগে তার পরিচালিত ফকিরাপুলের ইয়ংম্যানস ক্লাবে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত, জব্দ করা হয় বিপুল পরিমাণ মদসহ নেশাজাতীয় দ্রব্য, জুয়া খেলায় ব্যবহৃত প্রায় ২৫ লাখ টাকা। ‘ইয়ংম্যান'স ক্লাব’ নামের ওই ক্যাসিনোর প্রেসিডেন্ট খালেদ মাহমুদ ভূঁইয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশের পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির প্রভাবশালী নেতা খালেদকে ধরতে অভিযান নামে র‌্যাব। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পে চাঁদাদাবির অভিযোগে সমালোচনার মুখে থাকা রেজাওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন