অস্ত্র ও মাদক মামলায় ৭ দিনের রিমান্ডে যুবলীগ নেতা খালেদ
-
যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া
আওয়ামী যুবলীগের ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়াকে অস্ত্র ও মাদক মামলায় মোট সাতদিনের রিমান্ড দিয়েছে ঢাকার দুটি আদালত।
ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো চালানোর ঘটনায় গ্রেফতার খালেদ মাহমুদকে আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে দুই মামলায় সাত দিন করে রিমান্ড চায় গুলশান থানা পুলিশ।
অস্ত্র আইনের মামলায় রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আদালতে খালেদের আইনজীবী মাহমুদুল হক বলেন, “২০১৭ সাল পর্যন্ত এই অস্ত্রের লাইসেন্স নবায়ন ছিল। তারপর থেকে এর নবায়ন আর করা হয়নি। তিনি ভূঁইয়া অ্যান্ড ভূঁইয়া কোম্পানির কর্ণধার। তিনি স্বনামধন্য একজন ব্যবসায়ী। লাখ লাখ টাকা উনি সরকারকে আয়কর দেন। তিনি একজন হাজী। তার রিমান্ড চেয়ে আবেদনের অভিযোগ মিথ্যা।”
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মাহমুদা আক্তার অস্ত্র আইনের মামলায় খালেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মাদক আইনের মামলায় খালেদের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক শাহিনূর রহমান।
পর্যায়ক্রমে তার এই রিমান্ড কার্যকর করা হবে বলে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন।
এর আগে, রাজধানীর ফকিরেরপুল এলাকায় একটি ফুটবল ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়াকে বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকালে তাকে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব। এরপর তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে তিনটি মামলা দায়ের করা হয় র্যাবের পক্ষ থেকে। এছাড়া মতিঝিল থানায়ও তার বিরুদ্ধে মাদকের একটি মামলা করেছে র্যাব।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন