আওয়ামী লীগের সাথে জি কে শামীমের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই: বিপ্লব বড়ুয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i73831-আওয়ামী_লীগের_সাথে_জি_কে_শামীমের_কোনো_ধরনের_সংশ্লিষ্টতা_নেই_বিপ্লব_বড়ুয়া
যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক পরিচয় দিয়ে ঠিকাদারি চালিয়ে আসা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের অস্তিত্ব আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই বলে জানিয়েছেন দলের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১৭:১৫ Asia/Dhaka
  • জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে আটক করে র‍্যাব
    জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে আটক করে র‍্যাব

যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক পরিচয় দিয়ে ঠিকাদারি চালিয়ে আসা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের অস্তিত্ব আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই বলে জানিয়েছেন দলের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, ‘আমরা প্রত্যক্ষ করেছি জি কে শামীম বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হিসেবে বিভিন্ন গণমাধ্যমে এমন বিভ্রান্তিকর ও অসত্য খবর পরিবেশিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটিতে শামীম নামে কেউ নেই।’

আজ (শুক্রবার) ঢাকার নিকেতনে ব্যবসা প্রতিষ্ঠানে জি কে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে দুইশ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদের সন্ধান পায় র‌্যাব। ওই অফিস থেকে শামীম ও তার সাত দেহরক্ষীকে এই অভিযানে গ্রেফতার করা হয়েছে।

গণমাধ্যমের খবরে শামীমকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পরিচয় দেয়া হলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা বা মহানগর আওয়ামী লীগের তালিকায় জি কে শামীম নামের কোনো ব্যক্তির অস্তিত্ব নেই বলে জানিয়েছে। নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন হয় ২০১৭ সালের ১০ আগস্ট।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ওই কমিটির একটি অনুলিপি দেখিয়ে বলেন, এখানে জি কে শামীম নামের কোনো ব্যক্তির নাম নেই। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

এদিকে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বলেছেন, “জি কে শামীম নামে আমাদের কোনো সহ সভাপতি বা সদস্যও নাই।”

শামীমের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম বলেন, দলীয় পরিচয় দল থেকেই নিশ্চিত করা হবে। তারা দেখবেন শামীম ঠিকাদারী ব্যবসার আড়ালে অবৈধ কিছু করেছেন কি না।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে শামীম থাকেন বনানীর ডিওএইচএসে। আর নিকেতনে ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনটি তিনি তার জিকেবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের অফিস হিসেবে ব্যবহার করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন