এবার যুবলীগ চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব
https://parstoday.ir/bn/news/bangladesh-i74186-এবার_যুবলীগ_চেয়ারম্যানের_ব্যাংক_হিসাব_তলব
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। তিন কার্যদিবসের মধ্যে তাঁর নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ সব পাঠাতে বলা হয়েছে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৩, ২০১৯ ১৮:১৫ Asia/Dhaka
  • ওমর ফারুক চৌধুরী
    ওমর ফারুক চৌধুরী

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। তিন কার্যদিবসের মধ্যে তাঁর নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ সব পাঠাতে বলা হয়েছে। 

আজ (বৃহস্পতিবার) এ বিষয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট। এতে বলা হয়েছে, ওমর ফারুক চৌধুরীর নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাবের লেনদেন, বিবরণীর তথ্য তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

এর আগে, র‌্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার হয়ে রিমান্ডে থাকা যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চিঠির ভিত্তিতে জি কে শামীমসহ তার স্ত্রী ও তাদের মায়ের সব ব্যাংক হিসাবও জব্দ করে বাংলাদেশ ব্যাংক।

একইসঙ্গে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটসহ ১২ জনের ব্যাংক হিসাবও তলব করা হয়। শাওন ও সম্রাট ছাড়া বাকি যে ১০ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন— ফারজানা চৌধুরী, প্রশান্ত কুমার হালদার, আফসার উদ্দীন মাস্টার, আয়েশা আক্তার, শামীমা সুলতানা, শেখ মাহামুদ জোনাইদ, মো. জহুর আলম, এস এম আজমল হোসেন, ব্রজ গোপাল সরকার ও শরফুল আওয়াল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।