বিএনপি নেতা হাফিজ ও খালেদা জিয়ার নিরাপত্তা প্রধান ইসহাক গ্রেফতার
https://parstoday.ir/bn/news/bangladesh-i74424-বিএনপি_নেতা_হাফিজ_ও_খালেদা_জিয়ার_নিরাপত্তা_প্রধান_ইসহাক_গ্রেফতার
রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর  (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং খালেদা জিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল (অব.) ইসহাক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১২, ২০১৯ ২২:২১ Asia/Dhaka
  • মেজর  (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
    মেজর  (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর  (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং খালেদা জিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল (অব.) ইসহাক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর শনিবার সন্ধ্যায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে হাফিজকে গ্রেফতার করা হয়। র‌্যাবের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৭/৩১/৩৫ ধারায় মামলা দায়ের করা হয় বলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মুস্তাক আহমেদ জানান, সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান প্রদানের অভিযোগে দুপুরে তাদের নামে মামলা হয়। এরপর কর্নেল ইসহাককে দুপুরের দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করে র‌্যাব। রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগের এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার মহানগর হাকিম আদালত। আর রাত সাড়ে ৮টার দিকে মেজর হাফিজ উদ্দিনকে গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

মেজর (অব.) হাফিজের গ্রেফতার সম্পর্কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “কালকেও উনার সাথে ফোনে কথা হয়েছে, উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। আগামীকালের বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য উনি দেশে ফিরেছেন। সকালে উনার বরিশাল যাওয়ার কথা, সেভাবে টিকেটও কেনা হয়েছে। সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।”#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।