শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশ: হাসান মাহমুদ
-
ড. হাছান মাহমুদ
বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশ। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন মাথাপিছু আয় ছিল মাত্র ৬০০ মার্কিন ডলার। শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বাংলাদেশের মাথাপিছু আয় এখন দুই হাজার মার্কিন ডলার।
আজ (মঙ্গলবার) সকাল পৌনে ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী রেডিও এশিয়া কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, অর্থনীতির সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। কিছু সূচকে ভারতকেও পেছনে ফেলেছে। বাংলাদেশ এখন ডিজিটাল, এটাই বাস্তবতা। দেশ এখন খাদ্যেও স্বয়ংসম্পূর্ণ।
মন্ত্রী বলেন, দরিদ্র ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা দেশের অবকাঠামো উন্নয়ন করছেন।
তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে রেডিও ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে এখনো জনপ্রিয় গণমাধ্যম রেডিও। বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ বেতার স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করে। দেশ স্বাধীন করতে রেডিওর ভূমিকা রয়েছে।
তথ্য সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) সেক্রেটারি ড. জাভেদ মোত্তাগী ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শিল।
বাংলাদেশ বেতার ও বাংলাদেশের টেলিভিশনের সহায়তায় এশীয় প্রশান্ত অঞ্চলের বেতার ও টেলিভিশন সংস্থাগুলোর সম্মিলিত সংগঠন এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) এই সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, মিশর, ইরান, ভিয়েতনাম ও ভারতসহ ২২টি দেশের ২১২ জন রেডিও ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।