করোনাভাইরাস প্রতিরোধে সব ব্যবস্থা নেয়া হয়েছে: বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী
-
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
সংক্রামক করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে আজ (মঙ্গলবার) ঢাকায় একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছ। সভা শেষে করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে সরকারের প্রস্তুতি জানাতে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এই ভাইরাস খুব শিগগির ছড়িয়ে পড়ছে। তবে বাংলাদেশে প্রতিরোধমূলক সম্ভব্য যত ব্যবস্থা নেয়া দরকার, তা নেয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ প্রাণঘাতী ভাইরাস যাতে বাংলাদেশে আসতে না পারে, এ জন্য ইতোমধ্যে দেশের সব বন্দরে প্রস্তুতি নেয়ার জন্য বার্তা পাঠানো হয়েছে। সেখানে স্ক্যানার যন্ত্র বসানো হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আলাদা ওয়ার্ড স্থাপন করা হয়েছে। এছাড়া সব জেলা হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড করার জন্য সিভিল সার্জনকে চিঠি দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ জানিয়েছেন, এই ভাইরাসে আক্রান্ত রোগীর ব্যবস্থাপনা বিষয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেয়া হয়েছে।
করোনাভাইরাসের ব্যাপারে দেশের সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রায় তিনশ বাংলাদেশি শিক্ষার্থী আছেন। তাঁদের বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। কেউ এখনো আক্রান্ত হয়নি।
এ প্রসঙ্গে রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন চীনের আক্রান্ত শহর থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের দিক থেকে উড়োজাহাজও প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু চীনা কর্তৃপক্ষ ১৪ দিনের মধ্যে কাউকে সেই শহরটি ত্যাগ করতে দেবে না বলে জানিয়েছে।
এদিকে ঢাকায় সর্দি কাশি নিয়ে ভর্তি এক রোগী করোনাভাইরাসে আক্রান্ত বলে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে অসুস্থতা নিয়ে একজন রোগী ভর্তি হয়েছিলেন। তিনি এখন সুস্থ, বাড়ি ফিরে যেতে চাইছেন। তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট এখনো হাতে আসেনি।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।