জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে প্রথমবারের মতো যুক্ত হলো বাংলাদেশ বিমান
https://parstoday.ir/bn/news/bangladesh-i80265-জাতিসংঘ_শান্তিরক্ষা_কার্যক্রমে_প্রথমবারের_মতো_যুক্ত_হলো_বাংলাদেশ_বিমান
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ইতিহাসে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট করল জাতিসংঘ সদরদপ্তর। এই চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশি শান্তিরক্ষীরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিনুসকা মিশনে যোগ দেবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৯, ২০২০ ০৭:৫৩ Asia/Dhaka
  • জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে প্রথমবারের মতো যুক্ত হলো বাংলাদেশ বিমান

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ইতিহাসে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট করল জাতিসংঘ সদরদপ্তর। এই চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশি শান্তিরক্ষীরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিনুসকা মিশনে যোগ দেবেন।

নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি শান্তিরক্ষী পরিবহনে দেশটির নিজস্ব বিমান চার্টার্ড করল জাতিসংঘ। এটি একটি মাইলফলক। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন জাতিসংঘ সদর দপ্তরের সঙ্গে বিমান চার্টার্ড সংক্রান্ত এই চুক্তি স্বাক্ষর, সার্বিক সমন্বয় ও নিবিড় যোগাযোগ রক্ষা করে।

মালিতে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের চার্টার্ড ফ্লাইটটি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর ১৭৯ জন শান্তিরক্ষীকে নিয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই কন্টিনজেন্টের মধ্যে রয়েছে আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট এর ১২৫ জন সদস্য, কুইক রিঅ্যাকশন ফোর্স কোম্পানীর অগ্রবর্তীদলের ২০ জন সদস্য এবং কোভিট-১৯ এর কারণে আটকে পড়া মিনুসকা মিশনের ৩৪ জন শান্তিরক্ষী। ফ্লাইটটি ২৯ মে সকালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে পৌঁছানোর কথা রয়েছে।

বর্তমানে ৬৫৪৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছেন যার মধ্যে ১০৬১ জন বাংলাদেশি শান্তিরক্ষী সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মিনুসকা মিশনে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশনটি ২০১৪ সালের ১০ এপ্রিল কাজ শুরু করে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।