বাংলাদেশে করোনাভাইরাস:
সারা দেশকে রেড, গ্রিন ও ইয়োলো জোনে ভাগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
-
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
করোনা সংক্রমণ ও মৃত্যুহার অনুযায়ী সারা দেশকে রেড, গ্রিন ও ইয়োলো জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ )সোমবার( করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে করণীয় সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও এরকম কোনো জোনে চিহ্নিত করা হয়নি। তবে ঢাকা, নারায়াণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। যদি কোনো জোন রেড হয় সেগুলোকে প্রথমে রেড করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘বাংলাদেশের অধিকাংশ জেলা ও উপজেলা এখনও ভালো আছে। আমরা সেটা ভালো রাখতে চাই।'
এলাকাভিত্তিক লকডাউনের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'জোনের মাধ্যমেই সব করা হবে। যেখানে বেশি সংক্রমিত হবে সেখানে কয়েকদিনের জন্য বন্ধ রাখা হবে। তবে বিশেষজ্ঞরা যেভাবে পরামর্শ দেবে সেভাবেই আমরা কাজ করবো।'
পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমাদের সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। পাশাপাশি করোনা পরীক্ষার হারও বাড়ছে। আজ সেজন্য কয়েকটা জোন মার্কিং করছি। যেমন, রেড, গ্রিন ও ইয়োলো। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল এই জোনগুলোর মধ্যে রেড জোনকে কীভাবে গ্রিন জোন করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে।'
ওদিকে সোমবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নাগরিকদের ব্যক্তিগত শারিরীক ও মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার জন্যও কিছু পরামর্শ দেন।
এ সময় তিনি জানান দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৩৮১ জনের শরীরে করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৫৩৪ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২২ জন। এ নিয়ে এ যাবত মোট মৃত্যু হলো ৬৭২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৫৯৭ জনে।
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।