বাংলাদেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড ২৯১১
-
ডা. নাসিমা সুলতানা
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০৯ জনে দাঁড়াল। সেই সাথে নতুন করে পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন রেকর্ড ২ হাজার ৯১১ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৪৫ জনে।
আজ (মঙ্গলবার) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ এবং ৫২ ল্যাবে মোট ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, নতুন করে ৫২৩ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ।
এ সময় তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বের হলে হ্যান্ড গ্লাভস পড়াসহ বিশ্বস্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ মেনে চলার অনুরোধ জানান।
আরেক চিকিৎসকের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট ইউরোলজিস্ট ডাক্তার মঞ্জুর রশিদ চৌধুরী। তার বয়স হয়েছিল ৬১ বছর। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
বাংলাদেশ মেডিকেল এসেআসিয়শের তথ্য অনুযায়ী- দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন চিকিৎসক। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো চারজন।
রোহিঙ্গা ক্যাম্পে প্রথম মৃত্যু
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গার ক্যাম্পে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে ওই রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা গণমাধ্যমকে জানান, কুতুপালং ক্যাম্পে করোনা উপসর্গ নিয়ে ৭১ বছর বয়সী এক রোহিঙ্গা অসু্স্থ হয়ে ৩১ মে তার ঘরেই মারা যান। এরপর তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। আজ মঙ্গলবার তার রিপোর্ট পজেটিভ বলে জানা গেছে। তাকে স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. তোহা ভূঁইয়া জানান, করোনা আক্রান্ত মৃত রোহিঙ্গার সংস্পর্শে আসা ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং বর্তমানে তাদের সবার শারীরিক অবস্থা ভাল রয়েছে।
উল্লেখ্য, এ পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২৯ জন রোহিঙ্গা। তারমধ্যে উখিয়ার কুতুপালং ক্যাম্পে একজন মৃত্যু নিশ্চিত করা হল।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।