যেখানেই হাত দিচ্ছি সেখানেই সাফল্য অর্জন করছি: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i8125-যেখানেই_হাত_দিচ্ছি_সেখানেই_সাফল্য_অর্জন_করছি_শেখ_হাসিনা
বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশের সুষম উন্নয়ন, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ৩০, ২০১৬ ১২:৩৫ Asia/Dhaka
  • যেখানেই হাত দিচ্ছি সেখানেই সাফল্য অর্জন করছি: শেখ হাসিনা

বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশের সুষম উন্নয়ন, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

আজ (শনিবার) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের পর, এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, তারা দেশে উন্নয়ন চায় না, এটাই বাস্তবতা। তারা পারে শুধু মানুষ পোড়াতে; গুপ্তহত্যা করতে। হত্যা আর ধ্বংস ছাড়া তারা আর কিছুই করে না-জানে না। জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আমরাই দেশে উন্নয়ন করেছি-করছি।

সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি করে ভাগ্য গড়তে আসিনি। আমি জাতির পিতার কন্যা। রাজনীতি করছি নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়, মানুষের কল্যাণে। বাকিটা জীবন সেটাই করে যাব। এই দেশের মানুষের জন্য আমার বাবা-মা-ভাই-বোন সবাই জীবন দিয়ে গেছেন। আমি সব হারিয়েছি, আমার তো আর হারাবার কিছু নেই। চাওয়া-পাওয়ার কিছু নেই। এখন এদেশের মানুষের জন্য কিছু করতে চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নকে অনেকে বিস্ময় বলেন, আমি বলি এটি বিস্ময় নয়, বিশ্বাস। জনগণের প্রতি বিশ্বাস। এই বিশ্বাস আছে বলেই দেশে উন্নতি করতে পারছি; নিয়ত ভালো বলেই যেখানেই হাত দিচ্ছি সেখানেই সাফল্য অর্জন করছি। এ সময়, বিএনপি-জামায়াত পদ্মাসেতু নিয়ে যদি ষড়যন্ত্র না করলে, সেতুর কাজ এতদিনে আরও এগিয়ে যেত বলেও মত দেন শেখ হাসিনা।

এর আগে, সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।#

আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০