বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩০০০, নতুন শনাক্ত ২৯৬০
https://parstoday.ir/bn/news/bangladesh-i81817-বাংলাদেশে_করোনাভাইরাসে_মৃত্যুর_সংখ্যা_৩০০০_নতুন_শনাক্ত_২৯৬০
বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ১৪৩ দিনের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা তিন হাজারে পৌঁছেছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ২৯ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২৮, ২০২০ ১২:০১ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩০০০, নতুন শনাক্ত ২৯৬০

বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ১৪৩ দিনের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা তিন হাজারে পৌঁছেছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ২৯ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আজ (মঙ্গলবার) কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৬০ জন।

নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৩৭ হাজার ১৪১টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৩১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন।

অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক

করোনায় মারা গেলেন অধ্যাপক ডা. ফারুক

এদিকে করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সকালে নিজের কর্মস্থল পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনস-এর জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিটির (এফডিএসআর) এর করোনা সংক্রমণে দেশে এ পর্যন্ত ৮৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮