বাংলাদেশে করোনা সংক্রমণ: আরও ২১ জনের মৃত্যু, ঢাকায় গুরুতর রোগী বেশি
বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকায় গত ২৪ ঘণ্টায় যুক্ত হয়েছে আরও ২১ জনের নাম। মৃতদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৫ জন। ভাইরাসটিতে এ যাবত মৃতের সংখ্যা এখন পর্যন্ত তিন হাজার ১৩২ জন।
আজ (শনিবার) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট করোনায় মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে একজন, বরিশাল বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
গুরুতর রোগী ঢাকায় বেশি
সরকারী হিসাব অনুযায়ী, করোনার গুরুতর রোগীর সংখ্যা রাজধানীয় ঢাকায় বেশি।
সর্বশেষ হিসাব মতে, ঢাকার বাইরের হাসপাতালে আইসিইউতে ভর্তি ১৩২ রোগী। আর ঢাকা মহানগরীতে আইসিইউ ভর্তি আছেন ১৬৮ করোনা রোগী।
সারাদেশে আইসিইউ শয্যা ৫৫০টি, রোগী ভর্তি আছেন ৩২০ জন এবং খালি আছে ২৩০টি।
এছাড়া, ঢাকা মহানগরীর করোনা ডেডিকেটেড হাসপাতালের সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন দুই হাজার ৬৪ জন। চট্টগ্রাম মহানগরীর সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন ২৫৩ জন এবং সারাদেশের অন্যান্য হাসপাতালের সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন এক হাজার ৫৪৪ জন। সারাদেশে সবমিলিয়ে সাধারণ শয্যা রয়েছে ১৫ হাজার ২৪০টি। রোগী ভর্তি আছেন তিন হাজার ৮৬১ জন এবং শয্যা খালি আছে ১১ হাজার ৩৭৯টি। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।