বাংলাদেশে করোনায় মৃত্যু কমছে, সংক্রমণ কিছুটা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i81990-বাংলাদেশে_করোনায়_মৃত্যু_কমছে_সংক্রমণ_কিছুটা_বাড়তে_পারে_স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বস্তি প্রকাশ করে বলেছেন, দেশে করোনাজনিত মৃত্যুর সংখ্যা কমে আসছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১ দশমিক ৩১ শতাংশ। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৩, ২০২০ ১৩:৪৮ Asia/Dhaka

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বস্তি প্রকাশ করে বলেছেন, দেশে করোনাজনিত মৃত্যুর সংখ্যা কমে আসছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১ দশমিক ৩১ শতাংশ। 

আজ (সোমবার) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ঈদে মানুষের চলাচল ও মেলামেশা বৃদ্ধির কারণে করোনা সংক্রমণ কিছুটা বাড়তে পারে। তবে, তা সামলিয়ে নেয়ার সক্ষমতা এখন স্বাস্থ্যখাতের হাতে রয়েছে।

ঈদের শেষে বাস ও লঞ্চ যোগ আজ ঢাকায় পৌঁছে যাত্রীরা জানিয়েছেন, তাদের যাত্রাপথে স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরত্ব বজায় রাখার নিয়ম মানার কোন গরজ দেখা যায়নি।

এদিকে, করোনা নমুনা পরীক্ষার সংখ্যা দৈনিক পাঁচ হাজারের নিচে চলে আসার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজকের করোনা সংক্রান্ত নিয়মিত ব্রিফিং-এ জনসাধারণকে নমুনা পরীক্ষার জন্য  বিশেষ অনুরোধ জানিয়েছেন।

ওদিকে, করোনার ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বিশ্বের অনেক দেশই করোনার ভ্যাকসিন আবিস্কারের পথেই রয়েছে। কোনো কোনো দেশ তৃতীয় পর্যায়ের পরীক্ষার মধ্যেই আছেন। ভ্যাকসিন আবিস্কার হলে বাংলাদেশ যেন আগে পায় সে ব্যাপারে সরকার তৎপর রয়েছে।

নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত

এদিকে কোভিড-১৯-এর বিস্তার রোধে শর্তসাপেক্ষে দেশে নিয়ন্ত্রিত চলাচলের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার।

আজ (সোমবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে জানানো হয়েছে, আগামী ৪ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত এ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং সাপ্তাহিক ছুটি এ নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে ১০টি শর্তের কথা বলা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে- রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ব্যতীত বাসস্থানের বাইরে আসা যাবে না।

এ ছাড়া বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

শর্তের মধ্যে আরও রয়েছে- হাটবাজার, দোকান-পাট ও শপিং মলে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। হাটবাজার, দোকান-পাট ও শপিং মল আবশ্যিকভাবে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

নড়াইলে ব্যবসায়ীদের বিক্ষোভ

নড়াইলে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ

নড়াইল শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারে লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। সোমবার দুপুরে রূপগঞ্জ বাজার বণিক সমিতি লকডাউন প্রত্যাহারের দাবি জানায়।

সোমবার রূপগঞ্জ চৌরাস্তায় নড়াইল প্রেস ক্লাবের সামনের সড়কে দাঁড়িয়ে ব্যবসায়ীরা প্রায় দেড় ঘণ্টা নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় বক্তব্যকালে রূপগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি রজিবুল বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক সুব্রত কুমার ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের পুরাতন বাস টার্মিনাল ও নড়াইল চৌরাস্তাসহ আশেপাশের সব দোকানপাট খোলা রেখে শুধুমাত্র রূপগঞ্জ এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক কমিটি ব্যবসায়ীদের সাথে আলাপ-আলোচনা না করে হঠাৎ করে লকডাউন ঘোষণা করায় ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হবে।

তবে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, দিন দিন নড়াইলে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতে সোমবার থেকে পরবর্তী ১৪ দিন পুরো নড়াইল শহর জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।