ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই: বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i82018-ভোটে_নির্বাচিত_নয়_বলে_জনগণের_প্রতি_সরকারের_কোন_দায়বদ্ধতা_নেই_বিএনপি
বাংলাদেশের  বিরোধী দল  বিএনপি অভিযোগ করেছে,  বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তাদের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। ১৯৭৪ সালে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে বাকশাল গঠন করেছিল। এখন আবার গণতন্ত্র হত্যা করে তা চালু করতে চায়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৪, ২০২০ ১৫:৫২ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের  বিরোধী দল  বিএনপি অভিযোগ করেছে,  বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তাদের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। ১৯৭৪ সালে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে বাকশাল গঠন করেছিল। এখন আবার গণতন্ত্র হত্যা করে তা চালু করতে চায়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটি’র সদ্যপ্রয়াত দু’জন সদস্য  -শফিউল বারী বাবু ও  আবদুল আউয়াল খানের জন্য  আয়োজিত এক ভার্চূয়াল স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আজ  এমন মন্তব্য করেন। তিনি বলেন, সমাজের সকল ক্ষেত্রে যে পচন লেগেছে তা থেকে মুক্ত করার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাবু-আউয়ালরা আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারলে আজকে তাদের প্রতি সত্যিকারঅর্থে সম্মান দেখানো হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল অংশগ্রহণ করেন। 

রুহুল কবির রিজভী

ওদিকে, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বন্যাদুর্গত জেলা  কুড়িগ্রামে  এক ত্রান বিতরন অনুষ্ঠানে বলেছেন,  করোনা ও বন্যা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ঢাকতে, জনগণের দৃষ্টি সরাতে আওয়ামী লীগের নেতারা বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে।

মঙ্গলবার কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে রিজভী বলেন, শুরুর দিকে করোনা মোকাবিলার প্রস্তুতি নিলে ভাইরাসটি এতো প্রভাব বিস্তার করতে পারত না। সরকার তখন দলীয় কর্মসূচী নিয়ে ব্যস্ত ছিল। করোনা নিয়ন্ত্রণে কোনো কাজ করেনি। সরকার করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ। তারপরও প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য সরকারের মন্ত্রী এমপিরা বানিয়ে অসত্য, মিথ্যা কথা বলছেন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মানুষ করোনায় মারা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে করোনার প্রকৃত তথ্য মানুষকে জানালে তারা সচেতন হতে পারত। কিন্তু সরকার সেটি না করে মিথ্যা বলছে যে, করোনা নিয়ন্ত্রণে আছে।

তিনি বলেন, করোনার মধ্যে বন্যায় মানুষের উপর যেন মরার উপরে খরার ঘা। বানভাসি মানুষ না খেয়ে হাহাকার করছে। রাস্তার উপরে আশ্রয় নিয়েছে। সরকার বানভাসি মানুষের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তাদের ত্রাণ দেয়া হচ্ছে না। সরকারি সহয়তা করা হচ্ছে না।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, করোনার মধ্যে সরকারের স্বাস্থ্যখাতে বাজেট গতানুগতিক। তারা মেগা প্রজেক্ট নিয়ে ব্যস্ত। কারণ মেগা প্রজেক্ট থেকে টাকা পয়সা অর্জন করা যায়। স্কুল, কলেজ, হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। সেদিকে সরকারের কোনো নজর নেই। করোনার ভয়াবহতায় মানুষ কাতরাচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে। এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল ঘুরে চিকিৎসা পাচ্ছে না- এই হচ্ছে সরকারের সফলতা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।